বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নয় জনের মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২১:৩৩
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নিহত ৯, খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। গোদাগাড়ীতে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু রাজশাহী গোদাগাড়ীতে পদ্মায় ডুবে ওলি আহম্মেদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সেখেরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। নিহত ওলির চাচা রুবেল হোসেন জানান, শুক্রবার জুমার নামাজের আগে ওলি বাড়ির কাউকে কিছু না বলে পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। ওই দিন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরে শনিবার পদ্মায় মাছ ধরতে যাওয়ার সময় স্থানীয় জেলেরা ওলির লাশ উদ্ধার করে। ওলি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। ফকিরহাটে পিকআপ উল্টে নিহত এক বাগেরহাটের ফকিরহাট খাজুরা এলাকায় ধান বোঝাই পিকাপ উল্টে শুক্রবার রাতে শরণখোলা উপজেলার উত্তর নলবুনিয়া গ্রামের মৃত শহীদুল হাওলাদারের পুত্র মানিক হাওলাদার (১৫) ঘটনাস্থলে নিহত ও চালক গুরুতর আহত হয়েছে। নবীনগরে ট্রলি চাপায় স্কুলছাত্রের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশি গ্রামে শুক্রবার ধনাশির দ্বিতীয় শ্রেণির ছাত্র বালি বোঝাই ট্রলির ধাক্কায় নিহত হয়। সে ধনাশি গ্রামের আরু মিয়ার নাতি মো. সাব্বির (৮)। পরে ট্রলির মালিক পক্ষ ওই রাতে ঘটনাটি ধামাচাপা দিতে ৪ লাখ টাকায় রফাদফা করে। নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামে শুক্রবার সন্ধ্যায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম নাদিম (৫) পিতা সফর মিয়া। নাদিম শুক্রবার নানা বাড়িতে বেড়াতে এসে বন্ধুদের সাথে খেলা করার এক পর্যায়ে বাড়ির পাশের তিতাস নদীতে পড়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সৈয়দপুরে বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার চলন্ত একটি মিনিবাস থেকে পড়ে হেলপারের মৃত্যু হয়েছে। নিহত হেলপারের নাম সাইদুল ইসলাম ওরফে নাড়িয়া। ওইদিন মেহেদী এন্টারপ্রাইজ নামে জলঢাকাগামী একটি মিনিবাস সৈয়দপুর থেকে নীলফামারী যাওয়ার পথে সৈয়দপুর বাইপাস সড়কের অনির্বাণ ম্যাচ ফ্যাক্টরির সামনে বাসের ছাদে মাল বাঁধতে রশি ছিড়ে হেলপার সাইদুল রাস্তায় পড়ে যায়। তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ সাতক্ষীরা কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে মোটরসাইকেল চালক আব্দুল মজিদ। শনিবার কালিগঞ্জের হিজলার মোড়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধার নাম কুলসুম বেগম (৬০)। সে উপজেলার হিজলা গ্রামের মৃত বাঙাল চৌকিদারের স্ত্রী। নালিতাবাড়ীতে বজ্রপাতে ১ কৃষি শ্রমিক নিহত, আহত ২ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে শাহা আলী (৫৫) নামে এক কৃষি শ্রমিক বজ্রপাতে শুক্রবার ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত হয়েছে সঙ্গে থাকা আরও দুই শ্রমিক। নিহত শাহা আলীসহ ১০ শ্রমিক স্থানীয় দুদু মিয়ার ক্ষেতে রোপা আমনের চারা লাগাতে ব্যস্ত ছিল। এসময় বৃষ্টি শুরু হলে কিছুক্ষণ পর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় শাহা আলী। আহত হয় সঙ্গে থাকা জহুরুল হক ও জহুরুল ইসলাম নামে দুইজন। ডোমারে নববধূর আত্মহত্যা নীলফামারী ডোমার উপজেলায় এক নববধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোগড়া শরত্পাড়া গ্রামের প্রিয় নাথ বর্মনের কন্যা মিত্রা রানী শুক্রবার রাতে মিত্রা রানী তার মায়ের সাথে একই ঘরে শুয়ে ছিল। পরে বাড়ির পার্শ্বে একটি পাখর গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তার এক মাস আগে একই ইউনিয়নের নয়ানী বাগডোগড়া গ্রামের দধিরাম রায়ের পুত্র অনিল চন্দ্রের সাথে বিবাহ হয়েছিল। ভাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু ফরিদপুরের ভাঙ্গায় গতকাল শনিবার বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের সোহরাব আলী শেখের পুত্র জহুর আলী শেখ আখ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আহত হয়। স্থানীয় মেম্বার মজিবর রহমান তাকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।