বাল্যবিয়ের আয়োজন করায় কেশবপুরে দু’জনের কারাদণ্ড

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২১:৩৪
কেশবপুরে বাল্য বিয়ের আয়োজন করায় পাত্র ও কনের পিতাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ দণ্ড প্রদান করেন। জানা গেছে, উপজেলার বায়শা গ্রামের আব্দুল করিমের অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যা মর্জিনা খাতুনের সাতক্ষীরা সদরের কুকরাইল গ্রামের শহিদুল ইসলামের ছেলে আরিফুজ্জামান এর সাথে শুক্রবার বিয়ের দিন ধার্য হয়। এ বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাত্রের পিতা শহিদুল ইসলাম ও কন্যার পিতা আব্দুল করিমকে আটক করে । শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে হাজির করলে প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়। শনিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।