তুরাগ নদীতে নৌকা বাইচ

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২১:৩৪
গাজীপুরে শুক্রবার বিকেলে বিপুল আনন্দঘন পরিবেশে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা তুরাগ নদীতে অনুষ্ঠিত হয়। ভাওয়াল মির্জাপুর হাট ইজারাদারদের উদ্যোগে আকর্ষণীয় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনটি গ্রুপে ১২টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। এ গ্রুপে প্রথম হয়েছে পাবনার সাঁথিয়ার মায়ের দোয়া নৌকা। বি গ্রুপে দ্বিতীয় হয়েছে একই এলাকার সোনার বাংলা নৌকা। সি গ্রুপে তৃতীয় হয়েছে জামালপুরের সানন্দবাড়ির পঙ্খীরাজ নৌকা। উত্সুক হাজার হাজার নারী-পুরুষ দুপুরের আগে থেকেই প্রবল বৃষ্টি উপেক্ষা করে মির্জাপুর বাজারসংলগ্ন তুরাগ নদীর উভয় তীরে ভিড় জমাতে থাকে। এসময় ব্রীজের নিচে স্থাপিত মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিমউদ্দিন। এ প্রতিযোগিতার মাধ্যমে মির্জাপুর ব্রিজ ও আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা মানুষের মিলনমেলায় পরিণত হয়। পরে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীদের মোটর সাইকেল, দ্বিতীয়দের ফ্রিজ ও তৃতীয়দের মাঝে রঙিন টেলিভিশন পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মুছুল্লী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, সমাজ সেবক ফজলুল হক মুছুল্লী, সিরাজুল হক মেম্বার, নাসিম সিকদার, গিয়াসউদ্দিন ও আবুল হোসেন মুছুল্লী প্রমুখ উপস্থিত ছিলেন।