মানিকগঞ্জে প্রশিক্ষণ নিলেন ৪৬ জন ফ্রিল্যান্সার
মানিকগঞ্জ প্রতিনিধি \ গতকাল শনিবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে ৫ দিনব্যাপী ৪৬ জন ফ্রিল্যান্সকে ডাক টেলিযোগাযোগে ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। মানিকগঞ্জ জেলার ৭টি উপজেলা থেকে ব্যাংক, কলেজ ও এনজিও থেকে আসা ফ্রিল্যান্সরা অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মজিবর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশেদা ফেরদৌস, আরো উপস্থিত ছিলেন এডঃ আব্দুল সালাম পি পি, মোঃ আসলাম হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মিজানুর রহমান মানিকগঞ্জে জেলা পরিষদের সচিব এবং বিভিন্ন উপজেলা থেকে আসা ফ্রিল্যান্সরা।
কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৮
কেশবপুর (যশোর) সংবাদদাতা \ যশোরের কেশবপুর থানা পুলিশ গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৮ জনকে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার আলতাপোল গ্রামের দেলোয়ার হোসেন (২৭), সবুজ হোসেন (২২), রফিকুজ্জামান (২৮), উপজেলা পাড়ার রফিকুল ইসলাম (২২), কোমরপোল গ্রামের নূরুল ইসলাম (৪২), সরসকাটি গ্রামের দাউদ গাজী (৩৭) ,সাহাপুর গ্রামের রেজাউল ইসলাম (৪০) ও চিংড়া গ্রামের আব্দুস সালাম (৩৫)। থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, আটককৃতদের বিরুদ্ধে কেশবপুর থানা ও বিজ্ঞ আদালতে মামলা রয়েছে। গতকাল শনিবার সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
নলছিটিতে গাঁজা সেবনের অপরাধে ৬ যুবককে অর্থদণ্ড
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির নলছিটিতে গাঁজা সেবনের অপরাধে ৬ যুবককে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। নলছিটির ইউএনও এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন গতকাল শনিবার সকালে এ অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো, পৌর এলাকার সূর্যপাশা গ্রামের কামাল হোসেন খলিফা, সুজন হাওলাদার, চুন্নু খলিফা, রুবেল হাওলাদার, আলমগীর খলিফা ও সরোয়ার খলিফা। এদের প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নলছিটি থানার এস.আই. নিজাম উদ্দিন শিকদারের নেতৃত্বে একদল পুলিশ গত শুক্রবার রাতে ( সাড়ে ৯টার দিকে) সূর্যপাশা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় ওই ৬ গাঁজাসেবীকে গ্রেফতার করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ওই অর্থদণ্ড প্রদান করেন।
নাঙ্গলকোটে কমিউনিটি পুলিশিং কমিটির সভা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভা গতকাল শনিবার থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি অধ্যক্ষ আবু ইউছফের সভাপতিত্বে সভায় আলোচনা করেন সমন্বয়ক ও অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম, পৌর মেয়র মনিরুজ্জামান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়া, প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, ইমাম সমিতির সভাপতি মাওলানা সাদেকুর রহমান, পল্লী বিদ্যুত্ সমিতির পরিচালক ফজরুল হক, অধ্যাপক বাহার, আলহাজ্ব মাহমুদুর রহমান, সাদেক হোসেন, আবদুল মতিন, মোঃ মোস্তফা প্রমুখ।
রূপগঞ্জে যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে রূপগঞ্জ উপজেলা যুবলীগ গতকাল শনিবার আলোচনা সভা করে। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন।
সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোল্লা, আব্দুল আজিজ প্রমুখ। পরে মিলাদ মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
মাগুরায় ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
মাগুরা প্রতিনিধি \ মাগুরা ২৩ আগস্ট ঃ- মাগুরায় সাত দিনব্যাপী বৃক্ষমেলা আজ থেকে কালেক্টরেট মাঠে শুরু হয়েছে। মাগুরা জেলা প্রশাসন ও কৃষি বিভাগ আয়োজিত এ মেলার উদ্ভোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাডভোকেট বীরেন শিকদার। মাগুরা জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে মাগুরা পৌর মেয়র ইকবাল আকতার খান কাফুর, কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। মেলায় ২০ টি স্টল স্থান পেয়েছে। বিভিন্ন ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা প্রর্শন ও সুলভমূল্যে বিক্রি করা হচ্ছে। মেলা প্যান্ডেলে প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
মাদারীপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা শুরু
মাদারীপুর প্রতিনিধি \ জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা এবং ফলদ বৃক্ষরোপণ পক্ষ শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি সপ্তাহব্যাপী আয়োজিত এ মেলার উদ্বোধন করেন।
মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ। এতে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা, পুলিশ সুপার খন্দোকার ফরিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, প্রেসক্লাবের আহ্বায়ক বজলুর রহমান মন্টু খান প্রমুখ।
উখিয়ায় আমন চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ উখিয়ার হরিণমারা গ্রামের প্রবাসীর জমি দখলের চেষ্টা চালিয়ে ৩০ শতক চাষাবাদের আমন চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ দুর্বৃত্তরা। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান ও থানায় অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত প্রবাসী। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিণমারা গ্রামের খলিলুর রহমানের ছেলে প্রবাসী নূর মোহাম্মদ ও তার স্ত্রী খোরশেদা বেগম একই গ্রামের মৃত ফজর রহমানের ছেলে জালাল আহমদের ৯৫৩ নং খতিয়ানভুক্ত ৬৭ শতক জমি কবলামূলে খরিদ করে ঐ জমিতে আমন চারা রোপণ করে। প্রবাসী নূর মোহাম্মদের অভিযোগ, একই এলাকার এজাহার মিয়ার ছেলে কবির আহমদ তার বন্ধকী জমি দাবি করে বুধবার রাতে ১০/১২ জন ভাড়াটিয়া দুর্বৃত্ত নিয়ে ৩০ শতক জমির আমন চারা উপড়ে ফেলে চাষাবাদ তছনছ করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। উখিয়া থানার উপ-পরিদর্শক দিদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ক্রিকেট টুর্নামেন্টে রায়পুরার মেথিকান্দা একাদশ চ্যাম্পিয়ন
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল গত শুক্রবার বিকালে মেথিকান্দা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে তুলাতলী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেথিকান্দা একাদশ। এসময় পলাশতলী ইউপি সদস্য মোঃ ইদ্রিছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়াট সান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল। এতে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল বাছেদ ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ রব, রায়পুরা উপজেলা শ্রমিকদলের সভাপতি হাবিবুল্লাহ ভুঁইয়া প্রমুখ।
পীরগাছায় ৩০ মাদক বিক্রেতাসহ মাদক উদ্ধার
পীরগাছা (রংপুর) সংবাদদাতা \ রংপুরের পীরগাছা থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত শুক্রবার সন্ধ্যা ও গতকাল শনিবার রাতে ২০০ লিটার চোলাই মদসহ গত ৭ দিনে ৩০ জন মাদক বিক্রেতাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। পীরগাছা থানা পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যা ও গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার এসআই হুমায়ন কবির সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে মদ ভ্যানযোগে বহন করে নিয়ে যাওয়ার সময় উপজেলার দুধীয়াবাড়ি নামক স্থান থেকে দুলাল নামের এক মাদক বিক্রেতাকে আটক করে। দুলাল উপজেলার তালুক উপাসু গ্রামের বলে জানা যায়। এছাড়াও পীরগাছা থানার পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ৭ দিনে ৩০ জন মাদক বিক্রেতাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। এসব ঘটনায় পৃথক নিয়মিত মামলা দায়ের হয়েছে।
ধামরাইয়ে ছাত্রলীগের কর্মীসভা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ গতকাল শনিবার ধামরাই উপজেলা মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আহবায়ক লায়ন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ. মালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক মনোয়ার হোসেনসহ ছাত্রলীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সাঘাটায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার সাঘাটা উপজেলায় হলদিয়া ইউনিয়নে বন্যাদুর্গতদের মাঝে ১৫ শ মে.টন চাল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ওই ইউনিয়নের উত্তর দিঘলকান্দি, পাতিলবাড়ি, সিপি গারামারা বন্যা আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন স্কুলে অশ্রিত পানিবন্দী ১৫ শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আউয়াল, ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত থেকে এই চাল বিতরণ করেন।
চাটখিলে বিদেশি পিস্তলহ সন্ত্রাসী গ্রেফতার
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশের এস আই মহসিন সরকার গতকাল শনিবার গভীররাতে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলিসহ আলমগীর হোসেন (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। সন্ত্রাসী আলমগীর চাটখিল পৌরসভার পশ্চিম ছয়ানী টবগা গ্রামের মৃত আতিক উল্যাহর ছেলে। পুলিশ জানায়, সন্ত্রাসী আলমগীর দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে, মামলা নং- ১৫। পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ গুণীজণকে সম্মাননা প্রদান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির উদ্যোগে ১৩ গুণীজনকে সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা অনুষ্ঠানে সংগঠনের জেলা চেয়ারম্যান এডভোকেট ইসলাম উদ্দিন দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল মালেক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুহম্মদ মজিবুর রহমান, মোফাজ্জল আবেদীন প্রমুখ। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডঃ মোহাম্মদ সাঈদুল হক সাঈদ উদ্বোধন করেন।
পূর্বধলায় ভ্রাম্যমাণ আদালতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলায় গত শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে পাঁচ ওষুধ বিক্রেতাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছে। নেত্রকোনা জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ওষুধ আগুনে পুড়িয়ে দেয়া হয়।
গৌরীপুরে প্রেসক্লাবে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
গৌরীপুর সংবাদদাতা \ বিশিষ্ট অভিনেত্রী ও সাহিত্যিক জ্যোতিকা জ্যোতি শনিবার ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা মঞ্চ’র কর্মীদের সাথে মতবিনিময় করেন। গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এইচ এম খায়রুল বাশার, সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, বাংলা মঞ্চের আহ্বায়ক কবি হান্নান কল্লোল, সদস্য সচিব ইমন সরকার রূপম, কর্মী শচীন, ওবায়দুর রহমান, অর্নি, অর্থি, নাজিম উদ্দিন রাতুল প্রমুখ।
শ্রীপুরে আদিবাসীদের ৫ দফা দাবিতে মানববন্ধন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা \ শ্রীপুরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আদিবাসী ইউনিয়ন। গতকাল শনিবার বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা আদিবাসী ইউনিয়নের আহ্বায়ক দীপক বর্মণের সভাপতিত্বে সভায় আদিবাসী শব্দ পরিহারের প্রজ্ঞাপন বাতিল, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন, আলফ্রেড সরেন সত্যবান হাজংসহ সকল হত্যাকাণ্ডের বিচার, দেশের বিভিন্ন স্থানে আদিবাসীদের উপর নির্যাতন, ধর্ম ও ভূমি থেকে উচ্ছেদের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান বাদল, জেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি দীনেশ কোচ, সাংগঠনিক সম্পাদক রুবেল কোচ, উপজেলা সাধারণ সম্পাদক নিহার কোচ, শ্রীপুর উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদি হাসান প্রমুখ।
শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল অনুষ্ঠিত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা \ শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা গতকাল শনিবার শেষ হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১০টি ছেলেদের ও ১০টি মেয়েদের টিম প্রতিযোগিতায় অংশ নেয়। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয় ভূনবীর ইউনিয়নের ওয়াজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ অশিদ্রোন ইউনিয়নের নোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন আশিদ্রোন ইউনিয়নের উত্তর জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ শ্রীমঙ্গল ইউনিয়নের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ।
নড়িয়ায় বিশেষ অনুদানের চেক বিতরণ
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের প্রাপ্ত অর্থ তহবিল থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার ৪০ প্রতিবন্ধীকে ৫ হাজার টাকা করে ২ লক্ষ টাকা এবং লঞ্চ ডুবিতে নিহত ৮ জনের পরিবারের মাঝে ১০ হাজার করে ৮০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করেন শরীয়তপুর ২ আসনের সাংসদ কর্ণেল (অবঃ) শওকত আলী এমপি। গতকাল শনিবার চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনারা বেগম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইউছুব আলী, নড়িয়া উপজেলা সমাজ সেবা অফিসার ফয়জুল বাড়ী, নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কবির উজ্জামান, ঘরিষার ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারা সাঈদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মনপুরায় বন্যার্তদের মাঝে গ্রামীণফোনের ত্রাণ বিতরণ
মনপুরা (ভোলা) সংবাদদাতা \ মনপুরায় গ্রামীণফোনের উদ্যোগে জোয়ারের পানিতে প্লাবিত সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে তৃতীয় দফায় ত্রাণ বিতরণ করেন মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড। গতকাল শনিবার সকালে মনপুরায় ত্রাণ বিতরণের সময় গ্রামীণফোনের এরিয়া ম্যানেজার মোর্শেদ আহমেদ, ভোলার গ্রামীণফোনের অপারেশন ম্যানেজার জাকারিয়া তানভীর, টেরিটরি অফিসার মোঃ সালাহউদ্দিন চৌধুরী ও জালাল আহমেদ, ২নং হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, ৪নং দক্ষিণ সাকুচিয়া চেয়ারম্যান অলিউল্যাহ কাজল, মনপুরা গ্রামীণফোন প্রতিনিধি আমির হোসেন হাওলাদারসহ গ্রামীণফোন ডিস্ট্রিবিউটর এ.রহমান এন্ড সন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জয়ন্তী সরকারের মৃত্যুর বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি \ স্কুল শিক্ষিকা জয়ন্তী সরকারের অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক-কর্মচারীবৃন্দ গতকাল শনিবার। এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অপরেশ রায় অপু, অনিমেষ রায়, মাহমুদা আক্তার, রেজাউল করীম জুয়েল প্রমুখ। উল্লেখ্য, গত ১ আগস্ট সাংবাদিক পান্না বালার স্ত্রী স্কুল শিক্ষিকা জয়ন্তী সরকারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নির্যাতন করে হত্যার অভিযোগ এনে জয়ন্তীর ভাই পান্না বালাসহ ৩ জনকে আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে। ওই দিন রাতেই পুলিশ পান্না বালাকে আটক করে।
হোসেনপুরে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল শনিবার ৩ দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো:আয়ুব আলী। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি মো:আয়ুব আলী, সহ-সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, সাবেক অধ্যক্ষ নাজিম উদ্দিন আহমে্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমীন পারভেজ, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আহমেদ, উপজেলা কৃষি সমপ্রসারণ অফিসার সাম্মী আক্তার, উপজেলা শ্রমিকলীগ সাধারণ মাহবুব আলম প্রমুখ।
শার্শা উপজেলার ১০টি জলাশয়ে মত্স্য পোনা অবমুক্ত
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ শার্শা উপজেলার ১০টি জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে গতকাল শনিবার সকালে মত্স্য পোনা অবমুক্ত করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় মত্স্য অধিদপ্তরের সহকারী পরিচালক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলম। এতে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা হিরক কুমার সরদার, মত্স্য কর্মকর্তা মাহাবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, আরডিও মনিরুজ্জামানসহ স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ।
পূর্বধলায় ১শ’ বোতল চোলাই মদসহ আটক ২
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলা থানার পুলিশ গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লিটার পরিমাণের ১শ’ বোতল চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হলেন, উপজেলার শ্যামগঞ্জের দাসপাড়া গ্রামের রংলাল রবিদাস (৪৫) ও একই গ্রামের জতিন্দ্র রবিদাস (৪০)। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন ও রকিবুজ্জামান যৌথ অভিযান চালিয়ে উপজেলার শ্যামগঞ্জের দাসপাড়া এলাকার রংলাল রবিদাস ও জতিন্দ্র রবিদাসের বাড়ি থেকে এ মদ উদ্ধার করে।
তালায় ব্র্যাকের কৃষক প্রশিক্ষণ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর ব্র্যাক অফিসে ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় আটারই ব্লকের ৮৮ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। গতকাল শনিবার সকালে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলী আহমেদ এবং ব্র্যাকের সিনিয়র উপজেলা ম্যানেজার কল্যাণ হালদার। এসময় উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, ব্র্যাকের মো. গোলাম মোস্তফা প্রমুখ।
১৪০ কেজি গাঁজাসহ দাউদকান্দিতে ১ ব্যক্তি গ্রেফতার
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল শনিবার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া ১৪০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি সদরের দক্ষিণ পাশে মেঘনা-গোমতী টোলপ্লাজা এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে তিনি এর ভিতর থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করেন এবং বুড়িচং উপজেলার নিমসার এলাকার আব্দুল মতিনের পুত্র সুমন মিয়াকে গ্রেফতার করেন।
এইচএসসিতে সোনাহাট ডিগ্রী কলেজ ভুরুঙ্গামারী উপজেলায় শীর্ষে
ভুুরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকে সংবাদদাতা \ এবারে এইচএসসি পরীক্ষায় পাসের হারে সোনাহাট ডিগ্রী কলেজ ভুরুঙ্গামারী উপজেলায় শীর্ষে রয়েছে। জানা গেছে, এবারে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ২৬২ জন। পাস করেছে ২১৪ জন। যা শতকারা ৮২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে মোট ৩ জন। সোনাহাট কলেজের এ সাফল্যে শিক্ষকমন্ডলী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যসহ সকলেই খুশি। উল্লেখ্য, পাসের হারের দিক থেকে ৫ম বারের মতো কলেজটি উপজেলায় এ সফলতা অর্জন করলো। কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার জানান, কলেজটিতে মাদক ও রাজনীতিমুক্ত রেখে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করা হয়ে থাকে।
দেবীগঞ্জে মুদি ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সভা
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ দেবীগঞ্জ বাজার মুদি ব্যবসায়ীদের বার্ষিক সাধারণ সভা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শাহীনুর ইসলাম শাহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান আবু তোরাব সরকার। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.শ.ম.নূরজ্জামান, সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দীন চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিউটন, সমিতির প্রতিষ্ঠাতা ফরিদুল ইসলাম ও আশিক ইকবাল, আনোয়ারুল ইসলাম বাবুল, রুমি সরকার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।
নাচোলে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গতকাল শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা শাখার আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল-মাহমুদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য বেগম আখতার জাহান এমপি, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ মুহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক। অন্যান্যের মধ্যে ছিলেন সাবেক এমপি জিয়ায়ুর রহমান, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, এ্যাডভোকেট শামসুল হক, এ্যাডভোকেট আফসার আলী, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও স্থানীয় নেতা-কর্মী।
সিরাজদিখান প্রেসক্লাবের উদ্যোগে চক্ষু চিকিত্সা
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) সংবাদদাতা \ সিরাজদিখান প্রেসক্লাবের উদ্যোগে রবিবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিত্সার আয়োজন করা হয়েছে। সিরাজদিখান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে টাচিং সোল্স ইন্টারন্যাশনালের অর্থায়নে চক্ষু বিশেষজ্ঞ দ্বারা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে। রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, অপারেশন, ওষুধপত্র, চশমা ও ব্যবস্থাপত্র প্রদান করা হবে। তবে যে সকল রোগীর চক্ষু অপারেশনের প্রয়োজন হবে তাদের পরদিন হাসপাতালে নিয়ে অপারেশন করা হবে। এজন্য রোগীদের যাতায়াত, খাওয়া বা কোনপ্রকার খরচ বহন করতে হবে না।
মাদারীপুরে টিওটি প্রশিক্ষণ কোর্স শুরু
মাদারীপুর প্রতিনিধি \ “আইসিটি উদ্যোক্তা উন্নয়নে সাধারণের অংশগ্রহণঃ প্রেক্ষিত মাদারীপুর” শীর্ষক এক শিক্ষক প্রশিক্ষণ কোর্স (টিওটি) গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। ৫দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাবর আলী মীর, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাসিরউদ্দিন, আইসিটি বিভাগের এসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহেদ খান সনেট, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান খান প্রমুখ।
ভালুকায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ভালুকা উপজেলার ১০নং-হবিরবাড়ী ইউনিয়নের শিল্প এলাকা হিসেবে পরিচিত জামিরদিয়া মাস্টারবাড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে গতকাল শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী ও স্কুলের ছাত্র-ছাত্রীরা। জানা যায়,ওই এলাকার মাস্টারবাড়ী কাশর ও মাস্টারবাড়ী জামিরদিয়া এলাকার দুটি সড়ক দীর্ঘদিন যাবত্ যাতায়াতের অনুপযোগী হওয়ায় স্থানীয় জনতা ও স্কুলের ছাত্র-ছাত্রীরা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন পালন কর্মসূচী পালন করে।
আজ মেহেরপুরের ষোলটাকা ইউপির উপ-নির্বাচন
মেহেরপুর প্রতিনিধি \ আজ রবিবার মেহেরপুরের ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। ইতোমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে নির্বাচন অফিস। প্রার্থীরাও ব্যস্ত রয়েছেন শেষ মুর্হূতের ভোট প্রার্থনায়। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাচন অফিসার সরওয়ার হোসেন জানান, ষোলটাকা ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা ১৭ হাজার ১২৯ জন। ১০টি কেন্দ্রের ৪৩টি বুথে আজ রবিবার সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সকল সরঞ্জামসহ ভোট কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালনকারী পুলিশ-আনছার সদস্যরা কেন্দ্রে পৌঁছেছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, আনছারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
