মিডফিল্ডার আতিকুর রহমান মিশুর হ্যাট্টিকে অনূর্ধ্ব ২৩ জাতীয় দল এশিয়ান গেমসের জন্য আয়োজিত তৃতীয় প্রস্তুতি ম্যাচে ৫-৪ গোলে সেনাবাহিনীকে হারিয়েছে। এর আগেও একই দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৩-১ গোলে জিতেছিল দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়নে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ১৭তম এশিয়ান গেমসগামী ফুটবল দলটি। মিশু ১৪, ৫৬ ও ৬৩ মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন। ১০ ও ৮৩ মিনিটে অপর দুটি গোল করেন দুই ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদ ও সজিব। তবে বাস্তবতা হলো বনানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে অনূর্ধ্ব-২৩ দল গতকাল শনিবার জয় নিয়ে মাঠ ছাড়লেও তাদেরকে নাকানি-চুবানি খাইয়ে দেয় সেনাবাহিনীর ফুটবলাররা। কেননা সিলনের ১৩ ও ৩১ এবং তারেকের ২২ ও ৩৯ মিনিটের গোলে প্রথমার্ধেই ২-৪ ব্যবধানে পিছিয়ে পড়ে হারের শংকায় পড়েছিল জাতীয় দল। জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম অবশ্য খেলা শেষে বলেন, আজকের ম্যাচে আমাদের রক্ষণভাগের দুর্বলতা ফুটে উঠেছে। সেনাবাহিনীর কাছে চার গোল খাওয়াটা আমাদের উচিত হয়নি। এটা আমাদের রক্ষণভাগের দুর্বলতার কারণেই হয়েছে। এশিয়ান গেমসের এখনও অনেক সময় বাকি। তার আগে নেপালের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। আশা করছি সেই খেলায় আমরা আমাদের দুর্বলতাগুলো কাটিয়ে তুলতে পারবো। অনূর্ধ্ব-২৩ জাতীয় দল নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ঢাকা একাদশের বিপক্ষে গোলশূন্য ড্র করে । পরের খেলাটিতে সেনাবাহিনীকে ৩-১ গোলে হারায়। কিন্তু তৃতীয় খেলায় এসে দলটি কঠিন পরিস্থিতিতে পড়ে।
