স্পোর্টস ডেস্ক
কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন বুন্দেশলিগার উদ্বোধনী খেলায় উলফসবার্গের বিরুদ্ধে তার দল বায়ার্ন মিউনিখের ২-১ গোলের জয় দেখার পর তার কাছে জয়টিই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার। গত শুক্রবার রাতে জার্মানির ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর বুন্দেশলিগার নতুন মৌসুম শুরু হয়।
টমাস মুলার স্বাগতিক দলটিকে বিরতির আট মিনিটের আগে এগিয়ে দেন। বায়ার্নের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারিনায় বিরতির পরই ব্যবধান দ্বিগুণ করেন আরিয়েন রোবেন। মুলারের গোলটিতেও বলের জোগান দেন ডাচ প্লে মেকারটি।
ক্রোয়েশীয় ইভিচা ওলিচ ৫২ মিনিটে দুর্দান্ত বাঁকানো শটে অতিথিদের লড়াইয়ে ফেরানোর সুযোগ করে দিলেও উলফসবার্গ পরে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।
গার্দিওলা অবশ্য এরপরও নিজেকে সন্তুষ্ট বলেই জানান দেন। কেননা শিরোপা রক্ষার লড়াইয়ে নামা বায়ার্ন এ জয়ে আর কিছু না হোক তিন পয়েন্ট তো তুলতে পেরেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বের সব কোচের কাছেই একটা জয়ই আসল কথা। আমি সাধারণভাবে খুবই সন্তুষ্ট। আমরা ভালোভাবেই লড়েছি। দ্বিতীয়ার্ধে উলফসবার্গই ছিল শ্রেয়তর। আমাদের ভুলে গেলে চলবে না যে, আমরা লিগের সেরা একটা দলের সাথে খেলেছি।’
স্প্যানিশ কোচ গার্দিওলা এ খেলাটিতে অনেক পরিচিত মুখের অনুপস্থিতিতেও তার নতুন আদলের তিনজন কেন্দ্রিক রক্ষণভাগ নিয়ে জয় তুলে নেন। এর মধ্যে ডিফেন্ডার হোলগার ব্যাডসটুবার ২০ মাস পর আবার খেলায় ফেরেন। তার এ ছকের সাথে কুলিয়ে উঠতে পারছিল না উলফসবার্গ। পোল্যান্ড ফরোয়ার্ড রবার্ট লেবানডেভস্কি তো দু’বার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু বুন্দেশলিগার গেলবারের সর্বোচ্চ এই গোলদাতাকে রুখে দেন বিপক্ষের বদলি গোলরক্ষক ম্যাক্স গ্রুয়েন।
এদিকে জার্মানির বিশ্বকাপ জয়ী দলের সদস্য মুলার জানান যে, মৌসুমের শুরুর দিন বলে হয়তো তার দলের এমন অবস্থা বোধগম্য। তারপরও তিনি বলেন, ‘আমরা কিছু সময়ে ভালো ফুটবল খেলেছি। এটা পরিষ্কার যে, মৌসুমের শুরুতে সবকিছু ঠিকঠাক মতো হয়নি। তারপরও আমরা শুধু ভালো ফুটবলই খেলিনি, আমরা লড়াকুও ছিলাম।’
বুন্দেশলিগার এ খেলাটিতে জার্মানির বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লো মাঠে আসেন খেলাটি দেখতে। ৭১ হাজার দর্শক হয় খেলাটিতে। খেলাটি শুরুর আগে বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নুয়ারকে বুন্দেশলিগার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়াও বাস্তিয়ান সোয়েনস্টেইগার গত মৌসুমের নৈপুণ্যের জন্য সম্মান জানিয়ে ফুলেল শুভেচ্ছা পান। অপরদিকে বায়ার্নকে দেয়া হয় গেল মৌসুমের বুন্দেশলিগা ট্রফি।
