সুপার কাপে গৌরব দেখছেন সিমিওনে

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২২:০৭
অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে লা লিগা চ্যাম্পিয়নদের গত শুক্রবার রাতে সুপার কাপ জয়ে নেতৃত্ব দিয়ে নিজেকে গৌরবান্বিত মনে করছেন। রিয়াল মাদ্রিদকে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে হারানোর সুবাদে আর্জেন্টাইনটি ২০১১ সালে ডিসেম্বরে যোগদানের পর ক্লাবটিকে এ নিয়ে পাঁচটি শিরোপা জেতালেন। ম্যারিও মানজুকিচের ৮১তম সেকেন্ডে একমাত্র গোলে নিজেদের মাঠে ভিসেন্তে ক্যালদেরনে নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালকে ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো হারালো। আগের লেগে ১-১ গোলে ড্র হওয়া দুদলের খেলাটি ১-০ ব্যবধানে শেষ হয়। কোচ সিমিওনে ম্যাচ শেষে বলেন, ১৯৮৫ সালের পর প্রথম সুপার কাপ জয়ের মধ্যদিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু হওয়ার আগে তার দল আরো আত্মবিশ্বাসী হয়ে উঠলো। রায়ো ভ্যালেকানোর মাঠে সফরের মধ্যদিয়ে আগামীকাল সোমবার থেকে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর এবারের লা লিগা অভিযান শুরু হচ্ছে। উচ্ছ্বসিত সিমিওনে বলেন, ‘সুপার কাপ এমন একটা শিরোপা যা ক্লাবে আমাদের অনেকের অভিজ্ঞতায় ছিল না। এটা আমাদের অনেক আনন্দিত করেছে। এটা আমাদের উদ্দীপনাকে জাগরিত করেছে এবং উদ্দীপনাপূর্ণ জীবন আমাদের সবাইকে আরো সামনের দিকে এগিয়ে নিচ্ছে। এই শিরোপা আমাদের সমর্থক, খেলোয়াড় এবং আমাদের কাজের গৌরবের উত্স হিসেবে কাজ করছে।’ কুইকে ফ্লোরেসের জায়গায় ২০১১ সালে স্থলাভিষিক্ত হওয়ার পর আর্জেন্টাইন কোচ সিমিওনে এ নিয়ে অ্যাটলেটিকোকে পাঁচটি শিরোপা এনে দিলেন। সুপার কাপে দু’টি লেগেই তার দল ভাল করেছে বলে জানালেন তিনি, ‘সান্তিয়াগো বার্নাব্যু এবং এখানে দুই জায়গাতেই আমাদের দল অনেক পরিশ্রম করেছে। আর পরিশ্রমই আমাদেরকে সুপার কাপ এনে দিয়েছে।’ খেলায় নির্ধারিত সময়ে হুয়ান ফ্রাকে মাঠে নামানোর জের ধরে চতুর্থ রেফারির সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন অ্যাটলেটিকোর কোচ সিমিওনে। তর্কাতর্কির এক পর্যায়ে ২৬তম মিনিটে লাল কার্ড পেয়ে গ্যালারিতে বসে বাকি খেলা উপভোগ করতে হয় এ আর্জেন্টাইনকে। খেলা শেষে এমন আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন সিমিওনে, ‘এমন একটি ভুল করার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এটা করা উচিত হয়নি। হুয়ান ফ্রাকে দ্রুত পাঠানোর জন্য রেফারিকে অন্যায়ভাবে অনুরোধ করেছিলাম। তাই রেফারি আমাকে খেলা থেকে বাইরে নিয়ে গিয়েছিল।’—সকারওয়ে।