মারিও বালোতেল্লির ‘ব্যাড বয়’ ইমেজ নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স। বালোতেল্লি যদি লিভারপুলে যোগ দেন, তাহলে তাকে ক্লাবের নিয়ম-শৃঙ্খলা কঠিনভাবে মেনে চলতে হবে বলেও জানিয়েছেন রজার্স। যদিও এই ইতালিয়ান স্ট্রাইকারের লিভারপুলে যোগ দেয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোন বিবৃতি পাওয়া যায়নি বালোতেল্লি কিংবা ক্লাবের পক্ষ থেকে।
লিভারপুলের সংবাদ সম্মেলনে বালোতেল্লির বিষয়ে সরাসরি কিছু বলতে রাজি না হলেও পরে পরোক্ষভাবে অনেক কিছুই বললেন রজার্স। জানালেন কোন বিশেষ পরিকল্পনা নয় বরং অন্য সবার জন্য যে নিয়ম প্রযোজ্য, কঠোরভাবে সেটা মেনে চলতে হবে নতুন আসা কোন খেলোয়াড়কেও। এরই মধ্যে লিভারপুল সমর্থকদের মন জিতে নেয়া রজার্স বলেন, ‘যে কোন খেলোয়াড় কিংবা কর্মকর্তার জন্য এখানে কঠোর নিয়ম-কানুন প্রযোজ্য। সবার ক্ষেত্রেই সেটা প্রযোজ্য, কোন ব্যক্তি-বিশেষের জন্য নয়। কোন কিছুই এই সুন্দর পরিবেশটা ধ্বংস করতে পারবে না। খেলোয়াড়দের জন্য এটা শিক্ষার একটা জায়গা।’
মার্সেসাইড ক্লাবটির হয়ে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে বালোতেল্লি এরই মধ্যে পৌঁছে গেছেন লিভারপুলে। এক কোটি ৬০ লাখ পাউন্ডের বিনিময়ে এসি মিলান থেকে তাই এই ব্যাড বয়ের লিভারপুলে যোগ দেয়া এখন অনেকটাই নিশ্চিত। বিট্রিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বালোতেল্লির বেতন ঠিক করা হয়েছে সপ্তাহে এক লাখ ২০ হাজার পাউন্ড। তবে লিভারপুলে যোগ দিলেও সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে সোমবারের ম্যাচটি খেলা হচ্ছে না তার। কারণ এই ম্যাচে নিবন্ধনের জন্য সময়সীমা পেরিয়ে গেছেন তিনি। বিবিসি
