স্বরাষ্ট্রে অমিত, অর্থে সীতারমণ ও পররাষ্ট্রে জয়শঙ্কর

আপডেট : ০১ জুন ২০১৯, ১০:১২

শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নতুন মন্ত্রিদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মন্ত্রিসভায় নতুন অন্তর্ভুক্ত বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থাকা রাজনাথ সিংকে এবার প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে। সুষমা স্বরাজকে সরিয়ে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সাবেক পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করকে। আর সবাইকে চমকে দিয়ে অরুণ জেটলির স্থানে অর্থমন্ত্রী করা হয়েছে নির্মলা সীতারমণকে। এর আগের মন্ত্রিসভায় তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। দায়িত্ব বণ্টনের পর গতকাল বিকেলেই নরেন্দ্র মোদির দ্বিতীয়বারের সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ নেন নরেন্দ্র মোদি ও তার নতুন মন্ত্রিসভার ৫৭ সদস্য। শপথ পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবারের মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণ মন্ত্রী, ৯ জন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং ২৪ জন প্রতিমন্ত্রী হয়েছেন।

এবারের মন্ত্রিসভায় সবচেয়ে বেশি সদস্য এসেছেন উত্তর প্রদেশ থেকে। ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্য থেকে মন্ত্রী হয়েছেন ১০ জন। এছাড়া মহারাষ্ট্র থেকে সাত এবং বিহার থেকে মন্ত্রী হয়েছেন ছয়জন। গুজরাট, রাজস্থান, কর্ণাটক এবং হরিয়ানা রাজ্য থেকে মন্ত্রী হয়েছেন তিনজন করে। এছাড়া পশ্চিমবঙ্গ, ওড়িশ্যা এবং মধ্যপ্রদেশ থেকে মন্ত্রী হয়েছেন দুইজন করে। এছাড়া এবারের মন্ত্রিসভায় ভারতের প্রায় সকল রাজ্যের প্রতিনিধিত্ব রয়েছে।

মোদি সরকারের প্রথম মেয়াদের মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্যকে আগের দফতরে রাখা হয়েছে। এবারই প্রথম মন্ত্রী হয়েছেন ১৯ জন এমপি। মন্ত্রিসভার এই গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি ভারতের বিস্তৃত অঞ্চলে বিজেপির উপস্থিতি জোরালো করতে চান। সাবেক পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন মূলত পররাষ্ট্র নীতিকে দক্ষভাবে সামলানোর আকাঙ্ক্ষা থেকে।

আরো পড়ুন: এত দায়িত্ব দিলাম, ফেল করলি! মমতার তোপের মুখে নেতারা 

নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় মোট ছয়জন নারীকে মন্ত্রী করা হয়েছে। এর মধ্যে নির্মলা সীতারমণকে অর্থ মন্ত্রী করা হয়েছে। যিনি ভারতের প্রথম নারী অর্থমন্ত্রীও। আমেথিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে হারানো স্মৃতি ইরানিকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় এবং বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসআর