বসে পড় যেখানে সেখানে!

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২১:১৫
মানুষের কাজের শেষ নেই। ক্লান্তি থেকে মুক্তির তাই স্থায়ী উপায়ও নেই। প্রয়োজনের তাগিদে কখনো হাঁটা কখনো দৌড়ানোর দরকার পড়ে। ক্লান্ত পা জোড়ার তাই মাঝে মাঝে দরকার হয় একটু বিশ্রাম। এর জন্য দরকার হয় বসার। কিন্তু ইচ্ছা করলেই তো আর বসা যায় না। দরকার হয় বসার মতো একটা জায়গা। চেয়ার, বেঞ্চ কিংবা এ জাতীয় কিছু। কিন্তু সবখানে সেগুলো পাওয়া যায় না। হয়তো ভীড়ের বাসে কিংবা ট্রেনে চড়ে বসলেন। সিট নেই। দীর্ঘপথ যেতে হবে দাঁড়িয়ে-দাঁড়িয়ে। কেমন হতো যদি আপনার সাথে ঘুরতো একটি চেয়ার? বসতে চাইলেই হুট করে পেছনে এসে দাঁড়িয়ে যাবে! হয়তো বলবেন অসম্ভব। কিন্তু সেই অসম্ভব এবার সম্ভব হয়েছে। বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক চেয়ার যা আপনার পেছন পেছন ঘুরবে। এই চেয়ারের নাম দেয়া হয়েছে ‘চেয়ারলেস চেয়ার’। এটি আপনার পায়ের পিছন দিকে বাঁধা থাকবে। আপনি যখন ক্লান্ত হয়ে পড়বেন, বসে পড়ুন। পেছনে কিছু আছে কি না ভাবনা-চিন্তা করা লাগবে না। মাটিতে পড়ে যাবেন না এটা নিশ্চিত থাকতে পারেন। আপনার পেছনে ঘুর-ঘুর করা চেয়ারটি আপনাকে বসার ব্যবস্থা করে দেবে। অসাধারণ ভাবনা। এই চেয়ার যখন আপনার প্রয়োজন হবে একটা বোতাম টিপুন। আপনা-আপনি বসার জায়গা করে দেবে। প্রয়োজন না থাকলে বোতাম টিপে বন্ধ করে দিন। তারপর যেমন খুশি যেকোনও জায়গায় হেঁটে বেড়ান, কোনও অসুবিধা হবে না। সুইজারল্যান্ডের কোম্পানি নোনির সিইও কেথ গুনুরা জানান, ‘আমার যখন ১৭ বছর বয়স, ইংল্যান্ডের প্যাকেজিং কারখানায় কাজ করতাম। একটানা দাঁড়িয়ে থেকে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যেত শ্রমিকরা। কিন্তু বসার কোনও সময় ছিল না। তখন মনে হয়েছিল এই রকম নমনীয় চেয়ার তৈরি করার কথা।’ এখন বিএমডব্লিউ, অডির মতো গাড়ির কারখানায় এ জাতীয় চেয়ারের ব্যবহার শুরু করা হয়েছে। দাঁড়িয়ে পা ব্যথা করার দিন বুঝি শেষ হলো এবার।