কৌশলে আপসনামায় স্বাক্ষর নিয়ে বিপাকে এসআই

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২১:২৭
হাকিমপুরে হত্যা মামলা তদন্তকারী কর্মকর্তা বাদীর নিকট থেকে কৌশলে আপসনামায় স্বাক্ষর নিলে এলাকাবাসী তাকে অবরুদ্ধ করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মামলার বাদী উপজেলার বাগিচা পাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র মোকছেদ আলী জানান, তার ছেলে ইলেকট্রিক মিস্ত্রী শফিকুল ইসলাম মিলন গত ২২ জুন দুষ্কৃতকারীদের হাতে নিহত হয়। ২৩ জুন খাট্রাউচনা বাজার সংলগ্ন একটি পুকুর পাড়ে মিলনের লাশ পাওয়া যায়। মিলনের ভাই মিঠু থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযোগটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করে। গত ২১ জুলাই মিলনের পিতা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ৬ জনকে আসামি করে ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য নির্দেশ দিলে তদন্তকারী কর্মকর্তা হাকিমপুর থানার এসআই স্বপন কুমার তদন্তের জন্য গত ২২ আগস্ট বাদীর বাড়িতে যায়। তদন্তকারী কর্মকর্তা মামলা ফলাফল অবগতকরণ প্রসঙ্গ সাদা ফরমে, সাদা কাগজে জিম্মা, সাদা জব্দ তালিকায় কৌশলে বাদীর স্বাক্ষর নেয়। বাদী বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা তদন্তকারী কর্মকর্তার কাছে স্বাক্ষর নেয়া কাগজগুলো দেখতে চাই। তিনি কাগজ না দেখিয়ে তাদের হুমকি দেন। এতে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে এসআই স্বপনকে অবরুদ্ধ করে রাখে। পরে ভয়ে এসআই স্বপন স্বাক্ষর নেয়া কাগজগুলো ছিঁড়ে ফেলে। হাকিমপুর থানায় সংবাদ দিলে ওসি তদন্ত হারুনুর রশিদ এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে এসআই স্বপনকে উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে এসআই স্বপন সাদা কাগজ ও ফরমে স্বাক্ষর নেয়ার বিষয়টি স্বীকার করেন।