বাগেরহাটের ফকিরহাটে গৃহবধূর ওপর এডিস নিক্ষেপ মামলায় ট্রাইব্যুনাল ১৪ বছর করে তিন আসামিকে কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। গতকাল রবিবার দুপুরে বাগেরহাট এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তিন আসামিই পলাতক রয়েছেন। কারাদণ্ডের আদেশপ্রাপ্ত আসামিরা হচ্ছেন:বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জারিয়া মাইটকুমড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মোল্যা মাসুদ রানা (৩০), একই গ্রামের জব্বার উচাস্তার ছেলে মোস্তফা উচাস্তা (৩১) ও পার্শ্ববর্তী টাউন নওয়াপাড়া গ্রামের মকবুল সেখের ছেলে হান্নান সেখ (৩৩)। তবে ওই মামলার অপর আসামি আব্দুল হালিম সেখের পক্ষে উচ্চ আদালত থেকে স্থগিত আদেশ থাকায় ট্রাইব্যুনাল আদালত তাকে বাদ রেখে এসিড মামলার বিচার কাজ সম্পন্ন করেন। এসিড সন্ত্রাসের শিকার গৃহবধূ রওশানারা বেগম ওরফে সুমি (২৮) বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের কৃষক জাকির হোসেনের স্ত্রী। ২০১০ সালের ৯ নভেম্বর রাতে আসামিরা তার শরীরে এসিড নিক্ষেপ করে।
