সিরাজদিখানে অর্ধকোটি টাকা নিয়ে মাল্টিপারপাস কোম্পানি উধাও

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২১:৩০
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যমুনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি অর্ধকোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ২০০৬ সালে সিরাজদিখানের নিমতলার শওকত মার্কেটে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি গ্রাহকদের নিকট থেকে সঞ্চয়ী হিসাবের মাধ্যমে টাকা নিতে শুরু করে। একইভাবে বিভিন্ন লোকের কাছ থেকে উচ্চহারে সুদ দেবার কথা বলে লাখ লাখ টাকা ঋণ গ্রহণ করে। বছরাধিককাল ধরে কোম্পানির অফিস হঠাত্ করে বন্ধ হয়ে যায়। দরজায় ঝুলতে থাকে তালা। ফজলুর রহমান বলেন, আমার প্রায় তিন লাখ টাকা না দিয়ে কোম্পানির লোকজন গা ঢাকা দিয়েছে। টাকা চাইতে গেলে দেই, দিচ্ছি করে। ক্ষমতাসীন দলের নেতার দাপটে থানায়ও অভিযোগ করতে পারছি না। মোয়াজ্জেম হোসেন বলেন, অধিক সুদের আশায় ৫ লাখ টাকা দিয়েছিলাম। এ পর্যন্ত মাত্র এক লাখ টাকা ফেরত পেয়েছি। বাকি টাকা কবে পাবো জানি না। রাশিদা বেগম জানান, সঞ্চয়ী হিসাব খুলে অতিকষ্টে ৫০ হাজার টাকা কোম্পানিতে জমা দিয়েছি। এখন সুদ তো দূরের কথা, প্রতি সপ্তাহেই সঞ্চিত টাকা ফেরত পেতে নিমতলার অফিসে বসে থাকছি। কোম্পানির অন্যতম পরিচালক রাকিবুল হাসান রাকিব জানান, আমাদের কোম্পানির চেয়ারম্যান শাহিন মোল্লা বেশ কিছু টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন। ইতিমধ্যে আমরা কোটি টাকার উপরে পরিশোধ করেছি। এখন সামান্য কিছু ক্ষুদ্র গ্রাহকের টাকা রয়েছে। যে পরিমাণ টাকা গ্রাহকরা আমাদের কাছে পাবে, প্রায় সমপরিমাণ টাকা আমরা অন্য গ্রাহকদের ঋণ দিয়েছে। এসব টাকা উঠাতে পারলেই আমরা গ্রাহকদের টাকা পরিশোধ করে দেবো।