সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২১:৩০
স্বরূপকাঠিতে এসি ল্যান্ড নেই ৪ বছর স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠিতে সহকারী কমিশনার (ভূমি) পদটি প্রায় ৪ বছর যাবত্ শূন্য থাকায় দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের জমির নামজারি ও জমা-খারিজসহ প্রশাসনিক কার্যক্রমে জটিলতা দেখা দিয়েছে। ভূমি সংক্রান্ত কাজে উপজেলার হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। জানা গেছে, গত ২০১০ সনের ১০ ডিসেম্বর সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আউয়াল অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর থেকে এ পদটি শূন্য রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল কালাম তালুকদার এ পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। নিজের দাপ্তরিক কাজের ব্যস্ততার কারণে ভূমি অফিসে ঠিকমত সময় দিতে পারছেন না। ফলে ভূমি সংক্রান্ত কাজে উপজেলাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। এনায়েতপুরে মাছের পোনা অবমুক্ত চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল রবিবার সকালে এনায়েতপুর স্পার বাঁধের পাশে চৌহালী উপজেলা মত্স্য অফিসের উদ্যোগে দেড় লাখ টাকার ৩শ’ কেজি দেশীয় জাতের এই মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় বেলকুচি উপজেলার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, এনায়েতপুর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ, থানার ওসি মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, দলের নেতা শাহজাহান আলী মিয়া, এমপির এপিএস আব্দুল হান্নান, মোহাম্মদ আলী মোল্লা, উপজেলা মত্স্য অফিসার রবিউল আলম পারভেজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মদনে ইউপি ভবনের লে-আউট মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ দীর্ঘদিন পর গতকাল রবিবার হাসনপুর সাবেক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মদন উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ ভবনের লে-আউট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম আজাদ। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ হারেছ, খালিয়াজুরী সার্কেল এ এস পি মোঃ শফিউল আজম, ওসি এস এম মফিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ হায়দার আলী, উপজেলা আ’লীগের সম্পাদক আঃ সাত্তার আহম্মদ, ফতেপুর ইউপি চেয়াম্যান দেওয়ান মসরু ইয়ার চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদারসহ ইউপি সদস্য/সদস্যা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চুয়েটে সিএসই ফেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর চুয়েট প্রতিনিধি \ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রযুক্তি বিষয়ক বার্ষিক উত্সব চুয়েট সিএসই ফেস্ট-২০১৪ শুরু হবে আগামী ৪ সেপ্টম্বর। প্রতিবারের মত চুয়েটের কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের আয়োজনে এই উত্সব চলবে তিন দিনব্যাপী। প্রযুক্তি বিষয়ক প্রকল্প প্রদর্শনী, গেমিং প্রতিযোগিতা, সেমিনার, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার পাশাপাশি এবার যোগ হয়েছে কোডফেস্ট। এসম্পর্কিত সকল তথ্য http://cuetcsefest2014.com এ পাওয়া যাচ্ছে। নবীনগরে সন্ত্রাসী আলমগীর গ্রেফতার নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার অন্যতম আসামি নবীনগরের শীর্ষ সন্ত্রাসী ছোটনের সহযোগী আলমগীরকে (১৯) গ্রেফতার করছে পুলিশ। গতকাল রবিবার (২৪/৮) পুলিশ তাকে জেল হাজতে পাঠিয়েছে। শনিবার (২৩/৮) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান উপজেলার আলমনগর গ্রামে মো. ছাইদুল ইসলামের ছেলে সুমন হত্যা মামলা অন্যতম পলাতক আসামি আলমগীরকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। উল্লেখ্য, চাঁদা না দেওয়ায় নবীনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোসলেম মিয়ার ছেলে হার্ডওয়ার ব্যবসায়ী সুমন ও তার বন্ধু জাকির গত ২ মে শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ছোটন বাহিনী হামলা চালায়। সুমন দৌড় দিলে তাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে এবং জাকিরকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়। ৪ দিন মৃত্যুর সাথে লড়ে সুমন ৬ মে মারা যায় । হোসেনপুরে এনজিও বিষয়ক কর্মশালা হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর আওতায় উপজেলা পর্যায়ে এনজিও, সিএসও ও সিবিওসহ বিভিন্ন সংস্থার পারস্পরিক যৌথ কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই বিষয়ক দিনব্যাপী কর্মশালা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মোহাম্মদ সফিউল আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জামিল আহমেদ, উপজেলা চেয়ারম্যান মোঃ আয়ুব আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমীন পারভেজ, সেলিনা আক্তার প্রমুখ। ষোলটাকা ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন মেহেরপুর প্রতিনিধি \ গতকাল রবিবার মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি। পেশি শক্তি প্রয়োগ করে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা, এজেন্টদের প্রবেশ করতে না দেয়া এবং ভোট কারচুপির অভিযোগ তুলে তিনি এক ঝটিকা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বর্জনের ঘোষণা দেন। রবিবার দুপুর পৌনে বারটার দিকে গাংনী উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে ওই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ষোলটাকা ইউপি চেয়ারম্যান সাবদাল হোসেনের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হয়। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আয়ুব আলী ও বিএনপি সমর্থীত প্রার্থী মনিরুজ্জামান মনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সৈয়দপুরের ৩টি শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরের ৩টি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। এসব প্রতিষ্ঠান হচ্ছে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদ্রাসা। চলতি বছর ও পূর্ববর্তী দুই বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ওই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। পুরস্কারের সনদপত্রসহ প্রতিষ্ঠানগুলোকে নগদ ১ লাখ টাকা করে দেয়া হবে। বিশ্বব্যাংকের অর্থ সহায়তায় ‘সেকেন্ডারী এডুকেশন কোয়ালিটি অ্যান্ড এ্যাকসেস প্রজেক্ট (সেকায়েপ)’ এই পুরস্কার প্রদান করবে। পুরস্কারের অর্থ শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক ও শিক্ষক এসোসিয়েশন (পিটিএ) মাঝে নির্ধারিত হারে বন্টন করা হবে। শিক্ষায় উত্কর্ষতা অর্জন ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করতে ওই পুরস্কার দেয়া হচ্ছে বলে জানা গেছে। শ্যামনগরে অপহূত ছাত্রী উদ্ধার অপহরণকারী আটক শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার শ্যামনগরে অপহূতা এক মাদ্রাসা ছাত্রীকে ৭দিন পর উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদ পেয়ে শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক মাইনুল হাসান দেবহাটা থানার পার্শ্বে শিমুলের বন্ধু রনির বাসায় অভিযান চালিয়ে তাদের উভয়কে আটক করে। অপহরণকারী হলো, উপজেলার কৈখালী ইউনিয়নে কাঁকরঘাটা গ্রামে হাফিজুর গাজীর ছেলে মো.উল্যাহ শিমুল (২১)। সে শ্যামনগর সরকারি মহসীন কলেজের একাদশ ১ম বর্ষের ছাত্র। গত ১৭ আগস্ট ঐ মাদ্রাসার ছাত্রীকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে ৬ জনকে আসামি করে শ্যামনগর থানায় এক মামলা দায়ের করেন। এ বিষয় থানার ওসি আমিনুল ইসলাম বলেন- আটককৃত উভয়কে সাতক্ষীরা কোর্টে পাঠানো হয়েছে। নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন নওগাঁ প্রতিনিধি \ গত শনিবার নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৯ বছর পর জেলার ব্যবসায়ীরা প্রত্যক্ষ ভোটে চেম্বারের প্রতিনিধি নির্বাচিত করছেন। দুটি প্যানেলে ১৬টি পদের বিপরীতে ৩২টি পদ থাকলেও ৩০জন ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন। চেম্বারের ৯৯৮ জন সদস্য থাকলেও ৯০৬ জন ব্যবসায়ী ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। প্যানেল দুটি হলো বর্তমান সভাপতি দ্বীন মোহাম্মদ আলীর প্যানেল “সম্মিলিত শিল্প ও ব্যবসায়ী পরিষদ”-এ ১৪ জন। এরা হলেনঃ সামসুল হক, আতাউর রহমান, নাসির উদ্দীন আহম্মেদ, শ্রী দীপক কুমার সরকার, মোতাহার হোসেন পলাশ, রেজাউল হাসান, রহিমা হক, আঃ আজিজ, মাহমুদ মোল্লা আপেল, ইকবাল হাসান খান, এস,এম ওয়াহিদুল জামান, ডাঃ এস,এম রেজাউল মাহমুদ ও আহসান সাঈদ। “সম্মিলিত শিল্প ও ব্যবসায়ী পরিষদ” তাদের নির্বাচনী ১৬ দফা ও “ব্যবসায়ী ঐক্য পরিষদ” তাদের নির্বাচনী ১০ দফা দাবি সম্বলিত ইস্তেহার ঘোষণা করেছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ পীযুষ কুমার সরকার, সহকারী নির্বাচন কমিশনার রেজাউল ইসলাম ও গেদা দায়িত্ব পালন করেছেন। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। সেলিম ওসমান এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জ প্রতিনিধি \ বিকেএমইএ-এর পরিচালনা পর্ষদের (২০১৪-২০১৬) বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য সভাপতি একেএম সেলিম ওসমান। ২৭জন পরিচালকের মধ্যে প্রথম সহ-সভাপতি হিসেবে এএইচ আসলাম সানি, দ্বিতীয় সহ-সভাপতি মনসুর আহম্মেদ, তৃতীয় সহ-সভাপতি মাসুদুজ্জামান ও চতুর্থ সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত শনিবার দুপুরে শহরের চাষাঢ়ায় বিকেএমইএ-এর নারায়ণগঞ্জ অফিসের কনফারেন্স রুমে নির্বাচন বোর্ড এ ঘোষণা দেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী। এছাড়াও নির্বাচন বোর্ডে ছিলেন এফবিসিসিআই-এর বর্তমান পরিচালক প্রবীর কুমার সাহা ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি মোহাম্মদ সোলায়মান। বিএনপিতে যোগ দিলেন বেতাগীর সাবেক পৌর কমিশনার বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ বেতাগী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট ঠিকাদার হুমায়ুন কবির প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শের প্রতি উদ্বুদ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করে বিএনপিতে যোগদান করেছেন। গত শনিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নিকট ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান কবির, ভাইস চেয়ারম্যান আব্দুস সোবাহান, উপজেলা যুবদলের সভাপতি মশিউর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গৌরনদীতে মাদ্রাসায় দাওরায়ে হাদীস কোর্সের উদ্বোধন গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের গৌরনদী উপজেলার রশিদিয়া এমদাদুল উলুম কওমী মাদ্রাসার দাওরায়ে হাদীস কোর্স গতকাল বিকালে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব কারী আঃ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের নানুপুর মাদ্রাসার মোহতামিম ও শাইখুল হাদীস মাওলানা শেখ আহমদ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদীর পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বক্তব্য রাখেন গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসার মোহতামিম ও শাইখুল হাদীস মাওলানা আব্দুর রউফ, গৌরনদীর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাতেন নোমান, গৌরনদী মোহাম্মাদিয়া এতিম খানার সাবেক সম্পাদক মোঃ জামাল উদ্দিন প্রমুখ। ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অমল রায় (৩৮) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুটি প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রবিবার সকালে খাদ্য নিয়ন্ত্রণ আইনে এ জেল ও জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না শহরের ঢাকা রয়েল বেকারী থেকে ১০ হাজার ও ওবায়দুল হক জালালাবাদ-বাগদাদ বেকারী থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নোংরা পরিবেশে ও উত্পাদনবিধি অমান্য করায় জালালাবাদ-বাগদাদ বেকারীর কারিগর অমল রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সে পৌর শহরের মন্ডলীভোগ গ্রামের অরুন রায়ের পুত্র। বাকেরগঞ্জে ইয়াবাসহ ভুয়া প্রফেসর গ্রেফতার বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা \ গতকাল রবিবার র্যাব- ৮ এর সদস্যরা ২০০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করে। রফিক বাউফল উপজেলার মদপুর গ্রামের আক্তার আলী খানের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা তাকে সরকারি বাকেরগঞ্জ কলেজ-এর ক্যাম্পাস থেকে গ্রেফতার করে। উল্লেখ্য, সে নিজেকে সরকারি বাকেরগঞ্জ কলেজের প্রফেসর পরিচয় দেয়। চাঁপাইনবাবগঞ্জে ১৭টি মহিষ আটক চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ গতকাল রবিবার ভোর রাতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত হতে নিয়ে আসা ১৭টি মহিষ আটক করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. মোসলেহ উদ্দিন জানান, বিজিবির বিশেষ টহল দল এবং ট্রাক্সফোর্স সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের আতাহার এলাকায় অভিযান চালায়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে ভারত হতে নিয়ে আসা ১৭টি মহিষ আটক করা হয়। আটককৃত মহিষের মূল্য ১১ লাখ ৯০ হাজার টাকা। এই অভিযানের নেতৃত্ব দেন ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জাফর সেখ মোহাম্মদ বজলুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান। আটককৃত মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। ঝিনাইগাতীতে বৃক্ষমেলার উদ্বোধন ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা\ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল রবিবার উপজেলা পরিষদ চত্বরে ৪ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা ২০১৪ এর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, কৃষি সম্প্রষারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. কোরবান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল হক। নওগাঁয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন নওগাঁ প্রতিনিধি \ নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল রবিবার দুপুরে নওগাঁয় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনের জেলার সহ-সভাপতি মিতালী প্রামানিক। এ সময় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি জয়ন্ত বর্মন, শামিমা আক্তার মনি, পপি বর্মন, মৃত্তিকা আবেদীন, সাবিত্রী প্রমুখ। পরে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। মাদারীপুরে ওরিয়েন্টেশন কর্মশালা মাদারীপুর প্রতিনিধি \ জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল রবিবার “শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম” শীর্ষক এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রফিকুল ইসলাম। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান কর্মশালার উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার দীপংকর বর, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন হাওলাদার, পৌর কাউন্সিলর সাইদা সালমা, উন্নয়নকর্মী সাহানা নাসরিন রুবি প্রমুখ। আলিম পরীক্ষায় রঘুনাথপুর মাদ্রাসা হোমনায় শীর্ষে হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ এবারের আলিম পরীক্ষায় উপজেলার রঘুনাথপুর দারুস সুন্নাত নেছারিয়া ফাযিল মাদ্রাসা মেধাতালিকায় উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে এবার ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬ জন জিপিএ-৫সহ সবাই পাস করে। এছাড়া ১১ জন জিপিএ-৪ এবং ৪ জন জিপিএ-৩.৫ ও ৯ জন শিক্ষার্থী জিপিএ-৩ পায়। ভাল ফলাফল প্রসঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইমাম হোসেন জানান, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টার কারণেই এমন ফলাফল করা সম্ভব হয়েছে। খোকসায় মাছের পোনা অবমুক্ত খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার খোকসায় মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের সোনা পাতিল বিলে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান। এ সময় উপস্থিত ছিলেন বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, উপজেলা মত্স্য অফিসার রিপন কুমার ঘোষ, সহকারী মত্স্য অফিসার শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী অফিসার সোনা পাতিল বিলে প্রায় ৩ মণ মাছের পোনা অবমুক্ত করেন। মেহেন্দিগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত মেহেন্দিগঞ্জ (বরিশাল) সংবাদদাতা \ মেহেন্দিগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল রবিবার নাগরিক উদ্যোগের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ উজ্জল কুমার দে, ব্রজগোপাল নাথ, নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার অপূর্ব কুমার রায়, প্রেসক্লাব সভাপতি আ. রাজ্জাক, সহ-সভাপতি জাহিদুল বারী খোকন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক নজরুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি সঞ্জয় কুমার গুহ, নারী নেত্রী রোকেয়া বেগম। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল কালাম, মনিরুল মোর্শেদ রবিন, এইচ এম আনিছুর রহমান, ইব্রাহীম বকশি প্রমুখ। সাতক্ষীরায় শিশু পাচার প্রতিরোধে সেমিনার সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা সীমান্ত এলাকায় শিশু পাচার প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা শীর্ষক এক সেমিনার গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আহছানিয়া মিশন ও প্লান বাংলাদেশ-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন, ঢাকা আহছানিয়া মিশনের ট্রেনিং অ্যাডভোকেসি অফিসার জেবা আফরোজ। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরার জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোদাচ্ছের হোসেন। অনুষ্ঠানে সাতক্ষীরার ৮টি থানার পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। সুজানগরে বৃক্ষ মেলার উদ্বোধন সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগরে চার দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদফতরের উদ্যোগে সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম। উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা আবুল হোসেন, আ’লীগ নেতা আব্দুল কাদের রোকন, সিরাজুল ইসলাম শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন প্রমুখ। কালকিনিতে দুর্ধর্ষ ডাকাতি কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার ডাসার গ্রামের মৃত হাজী সৈয়দ আজমত আলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত শনিবার দিবাগত রাত সোয়া ২টার সময় ২০/২৫ জনের ডাকাত দল ঘরের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাড়ির মালিক সৈয়দ মহব্বত আলীসহ পরিবারের সকলকে অস্ত্রের মাধ্যমে জিম্মি করে এ ঘটনা ঘটিয়েছে। ডাকাত দল স্টিল আলমিরা ভেঙ্গে নগদ ৭০হাজার টাকা, স্বর্ণ ১২ভরি ও ৩টি মোবাইল সেটসহ দামী কাপড় নিয়ে যায়। বাড়ির মালিক সৈয়দ মহব্বত আলী বলেন, ডাকাত দল ঘরে ঢুকে প্রথমে আমাকে ও পরে এক এক করে ঘরের সকলকে হাত-মুখ বেঁধে ফেলে।