অধিকাংশ সময় পিছিয়ে থেকেও খেলার অন্তিম সময়ে দুই গোল করে আর্সেনাল গত শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে শুধু ২-২ গোলের নাটকীয় ড্র আদায় করেনি, এর মধ্যদিয়ে নিজেদের শিরোপার দাবিদার হিসেবেও তুলে ধরেছে। সে তুলনায় শিরোপার আরেক দাবিদার চেলসি নিজের মাঠে নবাগত লিস্টার সিটিকে ২-০ গোলে পরাজিত করেছে। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে স্থান সুসংহত করল কোচ হোসে মরিনহোর দল।
এভারটন এদিন নিজেদের মাঠ গুডিসন পার্কে সিমাস কোলম্যান এবং স্টিভেন ন্যাইস্মিথের গোলে অতিথি আর্সেনালের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ৮৩ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত অ্যারন র্যামসের টোকা মেরে দেয়া গোলে খেলায় ফিরতে শুরু করে কোচ আর্সেন ওয়েঙ্গারের দল। বদলি খেলোয়াড় অলিভার জিরুদ ৯০তম মিনিটে হেডে দলকে সমতায় ফেরান।
র্যামসে এ নিয়ে পর পর দুই খেলায় নব্বুই মিনিট বা তারও পরে গোল করলেন।এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত আগের খেলাটিতেও র্যামসে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে গোল দিলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পায় আর্সেনাল।
চেলসি স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত খেলাটিতে বিরতির পর লিস্টার সিটির বিপক্ষে গোল দু’টি করে। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আসা দলটির নতুন স্ট্রাইকার দিয়েগো কস্তা আবারো গোল নৈপুণ্য দেখান। এর মধ্যদিয়ে স্ট্যামফোর্ড ব্রিজেও অভিষেকে গোল পেলেন ব্রাজিল বংশোদ্ভূত স্প্যানিশ জাতীয় দলের খেলোয়াড়টি। ৬২ মিনিটে গোল বক্সের মধ্যে বল পেয়ে তা ডান পায়ের শটে জালে পাঠাতে কোন সমস্যা হয়নি কস্তার। চেলসির অপর গোলটি আসে ৭৭ মিনিটে, এডেন হ্যাজার্ডের পা থেকে। এই গোলটিতে সেস্ক ফেব্রেগাসের সহায়তা ছিল। গত সপ্তাহে লিগে নিজেদের উদ্বোধনী লড়াইয়েও বার্নলির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল মরিনহোর দল। ফলে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে চেলসি পয়েন্ট টেবিলে সবার উপরেই থাকলো।
আর্সেনাল দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ের সুবাদে চার পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে আছে। কিন্তু এই ড্রটির কারণে এপ্রিলে এভারটনের কাছে ৩-০ গোলে হারার পর গানার্সদের টানা ছয় জয়ে ছেদ পড়লো। সেই এভারটনের সঙ্গেই ড্র করে থামলো ওয়েঙ্গারের শিষ্যদের জয়রথ।
অপরদিকে নতুন মৌসুমে এভারটনকে খেলার শেষ দিকে গোল হজমের কারণে এই নিয়ে দ্বিতীয়বারের মতো জয় থেকে বঞ্চিত হতে হলো। গত সপ্তাহে লিগে নিজেদের প্রথম ম্যাচেও লিস্টার সিটির বিপক্ষে খেলা শেষ হওয়ার চার মিনিট আগে গোল হজম করে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
আর্সেনালের কোচ ওয়েঙ্গার খেলা শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা অনেক কঠিন পয়েন্ট। কারণ আমরা ২-০ ব্যবধানে পিছিয়ে ছিলাম। কিন্তু আমরা একটি পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম।’ প্রথমার্ধ শেষে দলের নতুন স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজের পরিবর্তে জিরুদকে মাঠে নামানোটাই খেলার মোড় ঘুরিয়ে দেয় বলে মত দেন ওয়েঙ্গার। ফরাসি এই কোচ বলেন, ‘আমার মনে হয়েছিল মাঝ বরাবর থেকে আমরা খেলাটিতে দাপট দেখাতে পারবো এবং দ্বিতীয়ার্ধে অলিভার অনেক ভাল খেলেছে।’ আর্সেনাল কোচ এটাও জানালেন যে, খেলার শেষ মুহূর্তে গোড়ালিতে চোট পেয়েছেন জিরুদ এবং তাকে বুধবার বেসিকটাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের খেলায় নাও দেখা যেতে পারে।
এদিকে, লিস্টার সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে চেলসির নান্দনিক নৈপুণ্যে মুগ্ধ কোচ মরিনহো, ‘প্রথমার্ধে আমরা ভাল খেলতে পারিনি। লিস্টার দুর্দান্ত রক্ষণভাগ নিয়ে খেলেছে। পাল্টা আক্রমণে আমাদের ভয় দেখাতে চেষ্টা করেছে তারা। এই সময়ে আমরাও কিছুটা ধীরগতির ফুটবল খেলেছি, বল নিয়ে ধীরে দৌড়িয়েছি এবং আমাদের চিন্তা-চেতনাও ধীর ছিল। আমাদের পরিবর্তনের প্রয়োজন ছিল এবং আমরা এটা করতে পেরেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা পুরো নিয়ন্ত্রণে রেখেছি। এটা ভুলে গেলে চলবে না যে, ম্যাচের ফল ০-০ রাখার জন্য তাদেরও একটি সুযোগ ছিল। কিন্তু আমরাও অনেক বেশি সুযোগ পেয়েছিলাম। গোল করার অনেকগুলো সুযোগ ছিল। তাই নিশ্চিতভাবে আমরা এই জয়ের যোগ্য।’
এদিনের অপর খেলাগুলোয় ওয়েস্টহ্যাম ইউনাইটেড ৩-১ গোলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পেয়েছে, অ্যাস্টন ভিলা-নিউক্যাসেল ইউনাইটেড এবং সাউদাম্পটন-ওয়েস্ট ব্রুমউইচের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।—সুপার স্পোর্টস।
