সোহাগের বোলিং অ্যাকশন সন্দেহজনক

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২২:১৮
দুঃসময়ের ভেতর দিয়ে যেতে থাকা বাংলাদেশ দলের জন্য আরও একটা আশঙ্কার খবর নিয়ে এলেন সোহাগ গাজী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার বোলিং অ্যাকশনকে অবৈধ বলে সন্দেহ করেছেন ওই ম্যাচের কর্মকর্তারা। ইতিমধ্যে আইন অনুযায়ী এই সন্দেহের লিখিত কপি বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বাশারের হাতে পৌঁছে দেয়া হয়েছে। আইন অনুযায়ী এখন ২১ দিনের মধ্যে ‘বায়ো মেকানিক’ পরীক্ষাগারে পরীক্ষা দিয়ে বৈধ বলে রায় পেতে হবে। নতুবা ২১ দিন পর থেকে অবৈধ বোলিংয়ের দায়ে নিষিদ্ধ হয়ে যাবেন তিনি। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ রানে হারা এই ম্যাচে বাংলাদেশের হয়ে সোহাগের করা প্রতিটি ডেলিভারিকেই তারা সন্দেহজনক বলে মনে করছেন। ২১ দিন পার না হওয়া পর্যন্ত সোহাগ স্বাভাবিক ভাবেই খেলে যেতে পারবেন। তবে এর মধ্যেই তাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় সফল হতে না পারলে তো নিষিদ্ধ হতেই হবে। সে ক্ষেত্রে আবার নিজে যখন বোলিং অ্যাকশন নিয়ে কাজ শেষ করে ত্রুটিমুক্ত বলে নিজেকে মনে করবেন, তখন আবার পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। উল্লেখ্য, কোনো বোলার আন্তর্জাতিক ক্রিকেটে বা যে কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটে বল ডেলিভারির সময় কনুই সর্বশেষ বাকা অবস্থা থেকে ১৫ ডিগ্রির বেশি সোজা করে বল করতে পারবেন না। এমন করা হয়েছে সন্দেহ হলে ম্যাচ সংশ্লিষ্ট আম্পায়াররা বা ম্যাচ রেফারি এই রিপোর্ট করতে পারেন।