চলমান ইসরাইলি-ফিলিস্তিন লড়াই থেকে গাজার শিশুদের রক্ষার জন্য বিবদমান সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। ইসরাইলি হামলায় গতমাসে গাজায় প্রায় ৫শ’ শিশু নিহত হয়। এক বিবৃতিতে ইউনিসেফ বলেছে, “দু’পক্ষের নিহত শিশুরা দু’পক্ষের শিশুদের ও তাদের পরিবারের ওপর লড়াইয়ের ভয়াবহ প্রভাবের শোকাবহ সাক্ষ্য তুলে ধরেছে।” বিবৃতিতে জানানো হয়, শনিবার সকালে ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত দুই শিশু ও শুক্রবার হামাসের মর্টার হামলায় নিহত ইসরাইলি এক শিশুসহ চলমান লড়াইয়ে ৪৭৮ জন শিশু নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, “শিশুরা একটি লড়াইয়ের মূল শিকারে পরিণত হচ্ছে যা তৈরিতে তাদের কোনো ভূমিকা নেই। এই লড়াই শিশুদের জন্য অশেষ দুর্ভোগ বয়ে আনছে। শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা ও সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে অবকাঠামোগুলোর ওপর তারা নির্ভরশীল সেগুলোতে ধ্বংসাত্মক প্রভাব ফেলছে এ লড়াই।”
৮ জুলাই থেকে শুরু হওয়া গাজার লড়াইয়ে এ পর্যন্ত ২,০৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশুসহ বেসামরিক মানুষ। অপরদিকে ইসরাইলি পক্ষে ৬৮ জন নিহত হয়েছেন যাদের ৬৪ জনই সেনাসদস্য।
