ফোলির খুনি চিহ্নিত দাবি ব্রিটিশ গোয়েন্দাদের

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২০:৫৩
রবিবার ব্রিটেনের গুপ্তচর সংস্থা প্রায় নিশ্চিত হয়ে গেল মার্কিন সাংবাদিক জেমস ফোলির হত্যাকারী পশ্চিম লন্ডনের বাসিন্দা আব্দেল মাজেদ আব্দেল বেরি নামে এক যুবক। পেশায় র্যাপার (এক বিশেষ ধরনের পাশ্চাত্য গান) ওই যুবক বছরখানেক আগে সিরিয়ায় গিয়ে আইএস জঙ্গিদের সঙ্গে যোগ দেয়। তার খোঁজে ইতিমধ্যেই উত্তর ইরাকে তল্লাশি চালাতে শুরু করেছেন ব্রিটেনের ‘স্পেশ্যাল অপারেশনস ফোর্স’ (স্যাস)-এর অফিসাররা। — খবর আনন্দবাজার পত্রিকা। কীভাবে ফোলির খুনিকে চিহ্নিত করল ব্রিটেন, তা নিয়ে কিছু জানা যায়নি। তবে গোয়েন্দা সূত্রে খবর, মাজেদের বাবাও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। আমেরিকায় তার বিচার চলছে। আদতে মিসরের বাসিন্দা মাজেদ সমপ্রতি কাটা মুন্ডু হাতে নিজের একটি ছবি টুইটারে পোস্ট করেছিল। তা থেকেই তার উপর সন্দেহ জোরদার হয় ব্রিটিশ গোয়েন্দাদের। তাদের ধারণা, এখন মাজেদ সিরিয়ার রাক্কা শহরে রয়েছে। তবে একা নয়। ব্রিটেনের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা আরও পাঁচ তরুণ-তরুণী তার সঙ্গে রয়েছে। সম্ভবত এই দলটিই ‘দ্য বিটলস’ নামে কাজ করে। ব্রিটেনের বহু নাগরিক যে আইএস জঙ্গিদের সঙ্গে যোগ দিয়েছে, সে খবর আগেই ছিল গোয়েন্দাদের কাছে।