মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সাদেক আলী ভূইয়া সড়কের একটি কালভার্ট ভেঙ্গে গেছে। এতে করে দুই গ্রামের প্রায় আট হাজার মানুষ দুভোর্গে পড়েছে। ভারি যানবাহন নিয়ে গ্রামের মানুষগুলো জিনিসপত্র পারাপার করতে পারছে না। গত কয়েক দিনের পাহাড়ি ঢলে কালভার্টটি অল্প অল্প করে ভেঙ্গে এখন চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
জানা গেছে, করেরহাট ইউনিয়নের পশ্চিম জোরার ওপূর্ব জোয়ার গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত সাদেক আলী ভূইয়া সড়ক। এ সড়ক দিয়ে দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। কিন্তু গত কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে কালভার্টটি ভেঙ্গে যায়। ফলে স্থানীয়রা বালু ও গাছের গুঁটি দিয়ে কোন মতে যাওয়ার ব্যবস্থা করেছেন। কালভার্ট ভেঙ্গে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এলাকার শিক্ষার্থীরা।
করেরহাট বাজারের ব্যবসায়ী স্থানীয় রতন চৌধুরী জানান, পূর্বজোয়ার ও পশ্চিম জোয়ার গ্রামে প্রায় আট হাজার লোক বসবাস করে। কালভার্ট ভেঙ্গে যাওয়ায় তারা ভারি জিনিস নিয়ে যেতে পারছে না। এছাড়া উক্ত দুই গ্রামের শত শত শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছে। তিনি আরো জানান, জন দুর্ভোগের কথা চিন্তা করে কালভার্টটি শিঘ্রই পুন:নির্মাণ করা দরকার।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, কালভার্ট ভেঙ্গে হাজার হাজার মানুষ দূভোর্গে পড়েছে। শিঘ্রই কালভাটটি পুন:নির্মাণ করা হবে।
