সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ২৮ যাত্রী আটক

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:০৪
সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ থেকে গত শনিবার রাত সাড়ে ১১টায় ২৮ ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটককৃতরা নোয়াখালী, যশোর, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, শরীয়তপুর, শেরপুর, নরসিংদী, সিরাজগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলার বাসিন্দা। আটককৃতরা জানান, টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের দালাল আব্দুল হাফেজ ও মাহমুদুল হাসান নামে দুই ব্যক্তি সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে নিয়ে আসে। জেলাভিত্তিক দল করে কয়েকটি হোটেলে রাখে। সেখান থেকে শনিবার রাতে সাবরাং উপকূলের ঘাট দিয়ে জাহাজে তুলে দেয়ার কথা বলে টেকনাফে আনার পথে বিজিবির হাতে ধরা পড়ে। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, আটককৃত ২৮ জনকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।