পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় গতকাল সোমবার বিকালে ৪৩তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা স্থানীয় হাসপাতাল মাঠে উপজেলা পর্যায়ে সমাপ্ত হয়েছে। এ প্রতিযোগিতায় ফুটবলে (বালক) ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ৪-০ গোলে পৈকখালী হাজী এস এন জামান মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফুটবল, হ্যান্ডবল ও কাবাডিতে (বালক) ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও (বালিকা) কাবাডিতে ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ছাড়াও হ্যান্ডবল ও ফুটবলে রানার্স আপ হয়। এছাড়া, ফুটবলে (বালিকা) বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় আগামী ২৭ আগস্ট জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবেন।
সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাণ্ডারিয়া ইউএনও কাজী মাহবুবুর রশিদ-এর সভাপতিত্বে সমাপনি বক্তব্য রাখেন প্রধান অতিথি ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. বদিউজ্জামান টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক লিয়াকত হোসেন তালুকদার, নিজামুল হক নান্না, যুবলীগের আহ্বায়ক এনামুল কবির টিপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকর দাস, ক্রীড়া শিক্ষক বিধান চক্রবর্তী ও মো. শফিকুল ইসলাম আজাদ প্রমুখ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মো. খোকন বেপারি। অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।
