বগুড়ায় ঈদের ছুটিতে বাড়ি এসে যুবক খুন

আপডেট : ০১ জুন ২০১৯, ১৪:২৮

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নলঘড়িয়া গ্রামে ঈদের ছুটি কাটাতে বাড়িতে এসে নাঈম হোসেন (১৮) নামে এক যুবক খুন হয়েছে। শনিবার সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের নির্জন একটি পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

 

নাঈম হোসেন উপজেলার তালোড়া ইউনিয়নের নলঘড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি ঢাকায় একটি দোকানে চাকরি করতেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, নাঈম হোসেন তার বাবার সঙ্গে ঢাকায় থাকেন। সেখানে একটি দোকানে চাকরি করেন। ঈদের ছুটি কাটাতে গত বৃহস্পতিবার বাড়ি আসেন। শুক্রবার ইফতারের পর মুঠোফোনে টাকা রিচার্জ করার জন্য বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় তার মা গ্রামের প্রতিবেশীদের বাড়িতে খোঁজখবর করেন। তাকে না পেয়ে মা ঘুমিয়ে পড়েন। সেহেরি খাওয়ার পর মা আবারও খোঁজাখুঁজি করেন। কিন্তু কোনো সন্ধান পাননি। সকালে গ্রাম থেকে আধা কিলোমিটার দূরে সিংড়াগাড়ি এলাকার নির্জন একটি পুকুরপাড়ে তার লাশ দেখতে পান গ্রামবাসী।

আরো পড়ুন : সম্বল ভাঙা সাইকেল, বসবাস কুঁড়েঘরে, হলেন মন্ত্রী

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। হত্যার কারণ উদযাটনের চেষ্টা চলছে।

 

ইত্তেফাক/ইউবি