সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিচার বিভাগকে কুক্ষিগত ও বিচারকদের চাপের মুখে রাখতেই সরকার বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা নিয়েছে, যা বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, সরকারের এই উদ্যোগ বিচার বিভাগকে রাজনীতিকরণের অশুভ প্রচেষ্টা। সোমবার সুপ্রিম কোর্ট বার আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, সুপ্রিম কোর্টে অবকাশ চলায় সিনিয়র আইনজীবীরা দেশের বাইরে রয়েছেন। তারা এলে তাদের সঙ্গে আলোচনা করে আমরা সরকারের এই অশুভ প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াব।
এর আগে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত মতবিনিময় সভায় অংশ নেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, বার সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন, সাবেক সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন, সিনিয়র আইনজীবী এডভোকেট এবিএম নুরুল ইসলাম প্রমুখ।
