রাজধানীর মতিঝিল থানার চারটি ও রমনা থানার দুই মামলায় জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এনিয়ে চতুর্থ দফায় তাকে রিমান্ডে নেয়া হলো। গাড়িতে অগ্নিসংযোগ ও সরকারি স্থাপনা ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা রাজধানীর মোহাম্মদপুর থানার একটি মামলায় গত ২০ আগস্ট মাসুদকে তৃতীয় দফায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
সোমবার ওই রিমান্ড শেষে আদালতে হাজির করে মতিঝিল থানার চার মামলায় ১০ দিন করে ৪০ দিন এবং রমনা থানার দুই মামলায় ৭ দিন করে ১৪ দিন মোট ৫৪ দিন রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ। এসময় মাসুদ আদালতে হাজির ছিলেন।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান মতিঝিল থানার ৪ মামলায় ৯ দিন ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম রমনা থানার ২ মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন। গত ৯ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় গোপন বৈঠক করার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
