টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামনস। গত আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও একবারের চ্যাম্পিয়ন শ্রীলংকার মধ্যকার ম্যাচটি আজ শনিবার বাংলাদেশ সময় সাড়ে তিনটায় কার্ডিফের সোফিয়া গার্ডেনে অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ড ফেভারিট হিসেবেই শুরু করবে। ১৯৯৬ -এর বিশ্ব চ্যাম্পিয়নরা বর্তমানে ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ের নবম স্থানে নেমে গেছে। বিপরীতে র্যাংকিংয়ের চতুর্থস্থানে আছে কিউইরা।
সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার পেসার জেমস ফ্রাঙ্কলিনের দৃঢ় বিশ্বাস উইলিয়ামসনের দল তাদের প্রথম বিশ্বকাপটির দেখা পেতে পারে। তিনি বিশ্বকাপের এই দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, নিউজিল্যান্ড ভালো অবস্থায় আছে। কেউই আমাদের সম্পর্কে বেশি কিছু বলছে না। আমরা চিরকালের আন্ডারডগ এবং সেটা আমাদের ভালোভাবেই মানিয়েছে। আমরা যদি আগামী কয়েক সপ্তাহে ভালো নৈপুণ্য দেখাতে পারি, তাহলে নিউজিল্যান্ড বিশ্বকাপ জিততে পারবে।
রস টেলর সামপ্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে ভালো ফর্মে আছেন। ২০১৭ সালে তার গড় ছিল ৬০। গেল বছর এটা ছিল ৯০ এরও বেশি। বিশ্ব র্যাংকিংয়ে ১২ ও ১০ নম্বরে থাকা উইলিয়ামসন ও মার্টিন গাপটিল নিউজিল্যান্ড ব্যাটিংয়ের অপর দুই স্তম্ভ। ট্রেন্ট বোল্ট তাদের নজরকাড়া বোলিং আক্রমণের নেতৃত্বে। কলিন ডি গ্র্যান্ডহোম ও টিম সাউদি আছেন তাকে সঙ্গ দেওয়ার জন্য। স্পিনার ইস সোধি ও মিশেল সেন্টনার এই বোলিংয়ে বৈচিত্র্য দিয়ে থাকেন।
অবশ্য দ্বীপদেশটির বিশ্বকাপ রেকর্ড ভালো। একবার চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও লঙ্কানরা দুবার রানার্স আপ হয়েছিল। এছাড়াও একবার সেমিফাইনালে খেলেছিল। সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনা বলেন, ‘শ্রীলঙ্কা বিশ্বকাপে ভালো করার জন্য একটা পথ খুঁজে নেয়। হ্যাঁ, এটা ঠিক যে দলটাতে কিছুটা ভিন্ন পরিবর্তন আছে। অধিনায়ক নিজেই অনেকদিন ওয়ানডে খেলেনি। কিন্তু সে দারুণ খেলোয়াড়। এছাড়াও আছে অ্যাঞ্জেলো ম্যাথুস, কুসল পেরেরা ও কুসল মেন্ডিসের মতো মেধাবিরা। দলটিতে জেতানোর মতো খেলোয়াড়ও আছে।’
জয়াবর্ধনা মনে করেন, ‘চার পাঁচটি জয়ে সেমিফাইনালে যাওয়া সম্ভব। আমি এখনো মনে করি তাদের ভালো সুযোগ আছে।’
ইত্তেফাক/এএম

