আবারও প্রতিপক্ষের জালে বার্সার এক হালি

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১০:৪৬

জাভি হার্নান্দেজের অধীনে আবারও পুরনো রুপে ফিরেছে বার্সেলোনা। প্রায় ম্যাচেই প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দিচ্ছে তারা। তাও একটি-দুটি নয়, গুনে গুনে এক হালি বা চারটি করে। রবিবার (১৩ মার্চ) রাতে লা লিগায় ওসাসুনার বিপক্ষে খেলতে নামে বার্সা। এতে ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা।

জোড়া গোল করেছেন গত জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি থেকে বার্সায় আসা স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তরেস। ১৪ মিনিটে পেনাল্টির মাধ্যমে প্রথম গোলটি করেন তিনি। দ্বিতীয় গোলটি পেয়ে যান এর ৭ মিনিট পরই। উসমান দেম্বেলের বাড়িয়ে দেওয়া বল জালে পাঠাতে ভুল করেননি এই তরুণ।

মধ্যমাঠে বার্সার নতুন জাদুকর পেদ্রি। ছবি: টুইটার

এর ছয় মিনিট পর আবারও বার্সার গোল। এবারও এসিস্টের ভূমিকায় দেম্বেলে। আর গোল করেছেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং। যা লা লিগায় নিজের ৬ষ্ঠ ম্যাচে পাঁচ নম্বর গোল। পরে দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে এক হালি পূর্ণ করেন রিকি পুইগ মার্টি।

এই জয়ের ফলে এখন ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট সমান ম্যাচে ৬৩। আর দ্বিতীয় স্থানে সেভিলার ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট।

ইত্তেফাক/টিএ