একদিনে ৮০ কোটি টাকা লোকসান দিচ্ছে বিপিসি: নসরুল হামিদ

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৫:৫৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতিদিন ৮০ কোটি টাকা লোকসান দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ হিসেবে মাসে লোকসানের পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা।

সোমবার (১৪ মার্চ) বিদ্যুৎ ভবনের বিজয় হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অব বাংলাদেশ (এফইআরবি) ও নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ এ তিনি এসব কথা বলেন। 

লোকসান রেখে ভর্তুকি বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে জানিয়ে নসরুল হামিদ বলেন, জ্বালানির দাম স্থিতিশীল রাখার চিন্তা করা হচ্ছে। যদিও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে, তবে আরও বাড়লে কী হবে তা এখন বলা মুশকিল।

রাশিয়া ইউক্রেন সংকটের প্রভাব বাংলাদেশের ওপর এখনও পড়েনি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তবে যুদ্ধ দীর্ঘ হলে সংকট হতে পারে। এখনও গ্যাজপ্রম বা রূপপুরে এর কোনও প্রভাব পড়েনি।’

দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পাঁচগুণ বেড়েছে উল্লেখ করে নসরুল হামিদ বলেন,  ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎসহ দেশে এখন ক্ষমতা ২২ হাজার ৫১৪ মেগাওয়াট। আরও ১৩ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন অবস্থায় আছে। আগামী ২১ মার্চ শতভাগ বিদ্যুতায়নেরও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বিদ্যুতায়ন এখন ৯৯ দশমিক ৮৫ ভাগ, এটাকে শতভাগই বলা যায়। 

প্রতিমন্ত্রী বলেন, গ্যাস উৎপাদন বাড়াতে পার্বত্য এলাকায় গভীর কূপ খনন করার পরিকল্পনা করা হয়েছে। তবে সেখান থেকে ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। অন্যদিকে আমাদের চাহিদা বাড়ছে হাজার হাজার ঘনফুট।

এফইআরবি‘র চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে নির্বাহী পরিচালক রিশান নাসরুল্লাহর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মাহাবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহম্মদ হোসেন, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সিইও খোরশেদুল আলমসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

ইত্তেফাক/ ইআ