ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে সহায়তার জন্য চীনের কাছে ড্রোন সহ সামরিক সহযোগিতা চেয়েছে মস্কো। পাশাপাশি বেইজিংয়ের সমর্থনও চেয়েছে তারা। শীর্ষস্থানীয় এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সিএনএন।
বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার জের ধরে, যুক্তরাষ্ট্র এবং তাদের ইউরোপীয় মিত্ররা রাশিয়ার বৃহত্তম বেশ কয়েকটি ব্যাংক এবং শীর্ষস্থানীয় রুশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন।
এদিকে, ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, ‘তিনি রাশিয়াকে সহায়তা করার ব্যাপারে চীনের কোনো বার্তা সম্পর্কে অবগত নন।’ মস্কোকে সহায়তা করতে বেইজিং ইচ্ছুক হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এমনটা কখনো শুনিনি।’
এ সময় ইউক্রেনের পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করে লিউ পেংইউ বলেন, ‘এটি প্রকৃতপক্ষে উদ্বেগজনক। চীন ইউক্রেনকে মানবিক সহায়তা প্রদান করেছে এবং ভবিষ্যতে আরও করবে।’ তিনি বলেন, ‘এখন সবচেয়ে বেশি অগ্রাধিকার হলো, উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কমানো বা নিয়ন্ত্রণের বাইরে যাওয়া রোধ করা।’
