সিনেবাজের জন্য ওয়েব সিরিজ বানাচ্ছেন পরিচালক অনন্য মামুন। ওয়েব সিরিজটির নাম ‘মিষ্টির প্যাকেট’। আগামী মাসের মাঝামাঝি এটির শুটিং শুরু হবে বলে ইত্তেফাক অনলাইনকে জানান নির্মাতা অনন্য মামুন।
তিনি বলেন, ‘আজকেই সিনেবাজের সাথে চুক্তি সাক্ষর করলাম। ‘মিষ্টির প্যাকেট’ একটি সাইকো থ্রিলার ওয়েব সিরিজ’। এ সিরিজে কারা অভিনয় করবেন তা এখনি বলছি না। তবে অভিনয়শিল্পীদের বিষয়টি নিয়ে অনেক বড় ধামাকা আছে। আমার বিশ্বাস এটি আমার জীবনের অন্যতম একটি সেরা কাজ হতে যাচ্ছে।’
সম্প্রতি অনন্য মামুন শেষ করেছেন তার নতুন সিনেমা ‘রেডিও’র কাজ। সিনেমাটি নির্মিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে। এই সিনেমায় ১৫ বছর পর জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও অভিনেত্রী জাকিয়া বারী মম। তরঙ্গ প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
শিগগিরই সিনেমাটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হবে। এরপর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

প্রকাশ পেলো ‘রেডিও’-র পোস্টার ও গান