এক দিনে চার রুশ বিমান ধ্বংসের দাবি ইউক্রেনীয় বাহিনীর 

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০০:৫৬

ইউক্রেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে, শেষ ২৪ ঘণ্টায় তারা রুশ বাহিনীর চারটি বিমান, তিনটি হেলিকপ্টার ও বেশ কিছু চালকবিহীন আকাশযান ধ্বংস করেছে।

বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার বিমানক্ষেত্র ও গুদামগুলোতে ‘ধ্বংসাত্মক হামলা’ চালিয়েছেন তারা। রুশ বাহিনীর সরবরাহে বিঘ্ন ঘটাতেই এসব হামলা চালানো হয়েছে। রুশ বাহিনী আর কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি এবং ‘এর আগে দখল করা এলাকাগুলোতে অবস্হান জোরদার ও তা ধরে রাখার’ দিকে মনোযোগ দিয়েছে বলেও দাবি করেছেন তারা। 

এক বিবৃতিতে অভিযোগ করে তারা বলেছেন, দখলদার রুশ বাহিনী কৌশলগত অবস্হান জোরদার করার জন্য ধর্মীয় উপাসনালয়সহ বেসামরিক স্হাপনাগুলোতে অস্ত্র ও সামরিক উপকরণ বসাচ্ছে। রাশিয়ার সেনারা কমান্ডারদের মানতে ও যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছে এবং তারা ‘মনোবল’ হারিয়েছে বলে ঐ বিবৃতিতে দাবি করা হয়েছে। 

তবে বিবিসি জানিয়েছে, ইউক্রেনীয় সামরিক কর্মকর্তাদের এসব দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি তারা। এদিকে ইউক্রেনে রুশ হামলার টানা ১৯ দিনে গতকালও রাজধানী কিয়েভে ব্যাপক বিমান হামলা হয়েছে। রাশিয়ার বিমান হামলায় বেশ কয়েক জন নিহত হয়েছে। একটি আবাসিক ভবনের ওপর বিমান হামলায় এর ব্যাপক ক্ষতি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখান থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এছাড়া অগ্নিনির্বাপক কর্মীরা ভবনের আগুন নেভাতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ হামলার পর সেখানে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ পর্যন্ত সেখানে ৯০টি শিশু মারা গেছে বলে ইউক্রেনের জেনারেল প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে। তারা বলেছে, দেশটিতে রাশিয়ার হামলায় শিশু নিহতের পাশাপাশি বহু শিশু আহতও হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি শিশুর মৃতু্য হয়েছে কিয়েভ, খারকিভ, দনেত্স্ক, চেরনিহিভ, সুমি, খেরসন, মিকোলাভিভ ও ঝিতোমির অঞ্চলে।

ইত্তেফাক/এসআর