ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই টিকিটে কালোবাজারিকে আটক করেছে সিলেট রেলওয়ে জেলা ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যমনগর গ্রামের মৃত আবুল খায়ের খলিফার ছেলে স্বপন খলিফা ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে রানা মিয়া।
আটককৃত কালোবাজারিদের কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১২ টি আসনের ৭ টি টিকিট ও টিকিট বিক্রির নগদ ১৩ হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়েছে।
ওসি মো. মাজহারুল করিম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কালোবাজারির মাধ্যমে আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রীদের কাছে চড়া দামে টিকিট বিক্রি করতো। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। আটক ২ জনের বিরুদ্ধে আগেও টিকিট কালোবাজারির একাধিক মামলা রয়েছে।
