মধু সংগ্রহে আজ সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৭:৩৩

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে মধু সংগ্রহের কার্যক্রম। বন বিভাগ থেকে পাশ নিয়ে মৌয়ালরা মধু সংগ্রহে সুন্দরবনে যাত্রা করবেন।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরে আলম জানান, আজ বুড়িগোয়ালিনী বন অফিসসহ চারটি স্টেশন অফিস থেকে মৌয়ালরা মধু আহরণের অনুমতি সংগ্রহ করে সুন্দরবনে যাচ্ছেন। আর মৌয়ালদের নিরাপত্তার জন্য বন বিভাগ বনের মধ্যে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছেন। 

সাতক্ষীরা রেঞ্জের বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, দেশে মধু উৎপাদনের অন্যতম প্রধান ক্ষেত্র হলো সুন্দরবন। প্রতি বছর উপকূলীয় বিপুল-সংখ্যক মৌয়াল বন বিভাগের অনুমতিপত্র (পাশ) নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান। মৌমাছি বিভিন্ন গাছ-গাছালিতে মধুর চাক তৈরি করে। সুন্দরবনে খুলসি, গরান, বাইন, কেওড়া ও গেওয়া ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে মৌমাছিরা। 

প্রতি বছর ১ এপ্রিল থেকে মধু সংগ্রহের মাস শুরু হয়ে মে মাস পর্যন্ত দুই মাস মৌয়ালরা সুন্দরবনে মধু সংগ্রহ করেন। মৌয়ালরা যাতে বেশি পরিমাণে মধু সংগ্রহ করতে পারেন, আর সরকারের যেন বেশি রাজস্ব আয় হয়, সেই লক্ষ্যে ১ এপ্রিলের পরিবর্তে ১৫ মার্চ মৌয়ালদের মধু সংগ্রহের জন্য অনুমতি দেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এআই