তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপি দ্বিচারিতা করছে।
মঙ্গলবার বিকালে একুশে বইমেলায় গ্রন্থমোড়ক উন্মোচন মঞ্চে বঙ্গবন্ধু, সাহিত্য, রাজনীতি ও গণমাধ্যমবিষয়ক পাঁচটি গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে দ্রব্যমূল্য নিয়ে বিএনপির মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিএনপি ভেতরে ভেতরে পণ্যমূল্য বৃদ্ধি করার জন্য অসাধু ব্যবসায়ীদের তাল দিচ্ছে, উৎসাহ দিচ্ছে আর মাঠে লোকদেখানো কর্মসূচি পালন করছে, যেটি তাদের দ্বিচারিতা।’
বিএনপির নেতা রুহুল কবির রিজভীর ‘উন্নয়নের নামে ক্ষমতাসীনদের বিদেশে টাকা পাচার’ মন্তব্যের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘তাদের নেতা তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র কোকোর টাকা পাচার এফবিআই উদ্ঘাটন করেছে এবং সেই টাকা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। তারেক রহমানের অর্থ পাচারের ব্যাপারে এফবিআই এসে বাংলাদেশে স্বাক্ষর দিয়ে গেছে।’
ড. হাছান বলেন, যাদের নেতারা অর্থ পাচারের সঙ্গে যুক্ত, যাদের নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতিতে পরপর পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে, তারা যখন সারা অঙ্গে গন্ধ মেখে এ নিয়ে কথা বলেন, তখন মানুষ হাসে। রিজভী সাহেবের এই বক্তব্য হাস্যকর। তাদের আয়নায় নিজেদের চেহারাটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।
এর আগে রাজনীতিক রাশেক রহমান রচিত ‘প্রণয়ের রাজনীতি’, কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক গ্রন্থিত ‘গণমাধ্যমে হাতেখড়ি’, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে তথ্য ক্যাডার কর্মকর্তা আফরোজা নাইচ রিমার কাব্যগ্রন্থ ‘শতবর্ষে শত কবিতা’, কবি সৌমিত্র দেব সম্পাদিত প্রবন্ধ সংকলন ‘বঙ্গবন্ধুই বাংলাদেশ’ এবং সাংবাদিক সাজেদা পারভীন সাজুর কাব্যগ্রন্থ ‘অপেক্ষা’র মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহাদাত্ হোসেন নিপু, কবি রেবেকা শিল্পী, গ্রন্থকার, প্রকাশক ও অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
