রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিংয়ের প্রেম গলিতে দুই শিশু অগ্নিদগ্ধ হয়েছে। দগ্ধ শিশুরা হলো, মিতু (৮) ও বাপ্পি (৫)। অভিযোগ উঠেছে শিশুদের বড় বোনের স্বামী আলাউদ্দিনের তাদেরকে অগ্নিদগ্ধ করেছেন। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর দুই শিশুকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, আদাবর থেকে দগ্ধ অবস্থায় দুই শিশুকে জরুরি বিভাগে আনা হয়েছে। এদের মধ্যে মিতুর শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছে এবং তার ছোট ভাই বাপ্পির শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। মিতুর অবস্থা আশঙ্কাজনক, জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
বাড়ির মালিক আব্দুল মালেক বলেন, দগ্ধ বাপ্পি জানিয়েছে, তার দুলাভাই আলাউদ্দিন দুই ভাই-বোনের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তারা চিৎকার করে রাস্তায় বেরিয়ে আসে। তবে কী কারণে তাদের দুলাভাই আগুন ধরিয়ে দিয়েছে সে বিষয়ে কোনো কিছু জানতে পারিনি।
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহিনুজ্জামান গণমাধ্যমকে বলেন, দুই শিশু দগ্ধ হওয়ার খবর পেয়েছি। আমরা শুনেছি শিশুদের দুলাভাই তাদের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি পরে বিস্তারিত জানানো হবে।
