রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে সাঈদ হালদারে জালে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) ভোরে ৭নং ফেরি ঘাটের অদূরে বাহিরচর এলাকায় মাছটি ধরা পড়ে।
সকালে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত রওশন এর মৎস্য আড়তে আনলে সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সুমাইয়া মৎস্য আড়ৎ এর মালিক মো. সোহেল মোল্লা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। মাছটি দেখার জন্য উৎসুক জনতা ফেরি ঘাটে এসে ভীড় করছে।
এ সময় মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা বলেন, বিশাল আকৃতির এই মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। আশা করছি বিকেলের মধ্যেই মাছটি ভালো দামে বিক্রি করতে পারবো।
