বেড়েছে হামলার তীব্রতা, কিয়েভে কারফিউ ঘোষণা 

আপডেট : ১৫ মার্চ ২০২২, ২০:২১

ইউক্রেনের রাজধানী কিয়েভের কয়েকটি আবাসিক এলাকায় পৃথক বোমা হামলা চালিয়েছে রুশ সেনারা। এ হামলায় অন্তত দুই জনের প্রাণহানি হয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১৫ মার্চ) স্থানীয় সময় রাত ৮টা থেকে রাজধানীজুড়ে ৩৫ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎচকো। 

তিনি জানান, আজকের দিনটি কঠিন এবং বিপজ্জনক এক মুহূর্ত পার করছে কিয়েভ।

জরুরি পরিষেবার বিবৃতিতে বলা হয়, শহরের কেন্দ্র থেকে পূর্বের জেলা ওসোকরকিতে একটি বাড়িতে স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৬টার আগে রুশ বাহিনীর গোলা আঘাত হানে। ভবনটিতে আগুন লাগলেও কিছুক্ষণের মধ্যেই তা নিভিয়ে ফেলা হয়। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওসোকরকিতে হামলার কিছুক্ষণ পরেই শহরের কেন্দ্রের উত্তরে পোডিলের একটি ১০তলা অ্যাপার্টমেন্ট ভবনে আরেকটি বোমা আঘাত হানে। এতে ভবনের প্রথম পাঁচ তলায় আগুন লাগে। সেখান থেকে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় ইউক্রেনীয় জরুরি পরিষেবা।

পশ্চিম কিয়েভের সোভিয়াটোশিনস্কি জেলায় একটি ১৬তলা ভবনে বোমা হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।

এর আগে, ইউক্রেনের স্থানীয় গণমাধ্যম ইউক্রেন ২৪ এ প্রচারিত খবরে বলা হয়, কিয়েভের পশ্চিম অংশে পর পর ২টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বেলারুশের অংশ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র থেকে এই বিস্ফোরণ হয়েছে।

 

ইত্তেফাক/জেডএইচডি