ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জের ধরে উত্তপ্ত পুরো বিশ্ব। মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে বিভিন্ন দেশ। এর বাইরেও তাদের চাপে রাখার জন্য এবার সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিবিসি ও আলজাজিরার খবরে বলা হয়েছে, আগামী ২৪ মার্চ ন্যাটো শীর্ষ সম্মেলন রয়েছে। সেটিতে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাবেন জো বাইডেন। মঙ্গলবার (১৫ মার্চ) হোয়াইট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন প্রেস সেক্রেটারি জেন সাকি।
পরে এক বিবৃতিতে তিনি বলেন, ন্যাটো সম্মেলনের লক্ষ্য ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় প্রতিরোধ ও প্রতিরক্ষা প্রচেষ্টা নিয়ে আলোচনা। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ এই সম্মেলনের ডাক দিয়েছেন।
এরপর ইউরোপীয় কাউন্সিলের শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি সেখানে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ ও ট্রান্সআটলান্টিক প্রচেষ্টা সহ ইউক্রেন সম্পর্কে মার্কিন উদ্বেগ নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি যুদ্ধে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান এবং সংঘাত সম্পর্কিত অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলা নিয়েও কথা বলবেন। বিবৃতিতে উল্লেখ করা হয়।
