আজ থেকেই মোহামেডানের হয়ে মাঠে নামছেন মোহাম্মদ হাফিজ

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৬:৩০

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে ঢাকায় এসেছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল ৫টার পর ঢাকায় পৌঁছেছেন তিনি। মোহামেডানের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন।

বিদেশি ক্রিকেটার কোটায় গতকাল সন্ধ্যায় কমিশনে হাফিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে মোহামেডান। পুরো লিগের জন্য হাফিজের সঙ্গে চুক্তি হয়েছে ক্লাবটির। এ সময় বিসিবির পরিচালক ও ক্লাবটির ক্রিকেট কমিটির উপদেষ্টা মাহবুব আনাম, ক্রিকেটার সৌম্য সরকার ও ক্লাবটির অধিনায়ক শুভাগত হোম উপস্থিত ছিলেন।

মোহাম্মদ হাফিজের চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌম্য সরকার ও শুভাগত হোম

জানা গেছে, আজ বুধবার থেকেই সাদা-কালো শিবিরের হয়ে খেলবেন হাফিজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলবে মোহামেডান। দিনের অপর ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। দুটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।

প্রিমিয়ার লিগে মোহামেডানের শিরোপা নেই প্রায় এক যুগ। ট্রফির খরা কাটানোর আশায় এবার প্রিমিয়ার লিগে শক্তিশালী দল গড়েছে ক্লাবটি। কিন্তু বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের কারণে জাতীয় দলের ছয় তারকা ক্রিকেটারকে পাচ্ছে না ক্লাবটি। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহী এখন দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত। অবশ্য প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পরই মাহমুদউল্লাহকে পাবে মোহামেডান।

ইত্তেফাক/টিএ