কিয়েভে পৌঁছেছেন পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৩:০০

ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে দেশটির রাজধানী কিয়েভে পৌঁছেছেন পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা। তথ্যটি নিশ্চিত করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিয়েস্কি। খবর প্রকাশ করেছে আলজাজিরা।

এক ফেসবুক পোস্টে পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব পূর্ব ইউরোপে (ইউক্রেন) যে ট্র্যাজেডি ঘটছে, তা বন্ধ করতে হবে। এই কারণেই, পোলিশ উপ-প্রধানমন্ত্রী জারোস্লো কাকজিনস্কি এবং চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেস ইয়ানশা সহ আমরা কিয়েভে এসেছি।’

সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন এই নেতারা। এই সফরের উদ্দেশ হলো ইউক্রেন এবং তার স্বাধীনতার প্রতি ইউরোপীয় ইউনিয়নের দ্ব্যর্থহীন সমর্থন প্রকাশ করা। রুশ আগ্রাসন শুরুর পর কিয়েভে এটাই প্রথম কোনো বিদেশি মন্ত্রী পর্যায়ের সফর।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ২০তম দিনে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। এই তিন প্রধানমন্ত্রী এমন একটি শহরে গিয়েছেন, যেখানে এখনো বোমাবর্ষণ চলছে। যেখানে প্রায় ৩৫ লাখ জনসংখ্যার অর্ধেকই পালিয়ে গেছে এবং অনেকে ভূগর্ভস্থ স্টেশনে রাত কাটাচ্ছে।

ইত্তেফাক/টিএ