দেশের দক্ষিণাঞ্চলে দিন দিন বাড়ছে ভুট্টার চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় চাষে মিলছে বাম্পার ফলন।
কৃষকরদের সাথে কথা বলে জানা যায়, কম পরিশ্রমে ভাল ফলন, বাজারে প্রচুর চাহিদা, বেশ লাভজনক হওয়ায় ভুটা চাষে অনেকেই ঝুঁকেছেন। মিষ্টি পানির সংকটসহ বৃষ্টি না থাকায় অনেক জায়গা শুকিয়ে মরে গিয়েছে গাছ। ঝরে যাচ্ছে ফল। তারপরও প্রতি শতক জমিতে দুই মন করে ভুট্টা উৎপাদন হয়েছে। যা খরচের চেয়ে দ্বিগুন লাভ। শুধু তাই নয় ভুট্টা গাছ জ্বালানী ও গবাদি পশুর খাদ্য হিসেবে পাতা ব্যবহার করে থাকেন। এছাড়াও ভুট্টার আটা মৎস্য খাদ্য, মুরগীর খাবারসহ নানা তালিকায় রয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় এ বছর কৃষকরা ভুট্টা চাষ করছেন বেশী। কেউ ফলন কাটছে, কেউ গাছের পরিচর্যা করছেন, কেউ গাছে পানি দিচ্ছেন, কেউ ফলন কেটে বিক্রি করছেন। কৃষকের মুখে তৃপ্তির হাসি দেখা গেছে।
এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ বলেন, পরিবেশ বান্ধব ভুট্টা চাষের জন্য ১২শত কৃষককে সহায়তা দেয়া হয়েছে। কলাপাড়া উপজেলার জমি ভুট্টা চাষের জন্য বেশ উপযোগী। এ বছর ১২শ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। আগাম চাষাবাদের জন্য কৃষকদের উৎসাহিত করা হয়েছে। কলাপাড়ায় ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে।
