পাকিস্তানের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের তিন প্রধান সহযোগী তার মন্ত্রিসভা ছাড়তে চলেছে। এ নিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ হারানোর দ্বারপ্রান্তে ইমরান খানের সরকার। দেশটির সরকারের সমর্থনকারী জোটের এক শীর্ষ নেতা এই তথ্য জানান। বুধবার (১৬ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এটি এই মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবে সমর্থন বাড়িয়ে দিবে। মঙ্গলবার সন্ধ্যায় হাম টিভিতে দেওয়া সাক্ষাতকারে এসব কথা বলেন পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ এর নেতা চৌধুরী পারভেজ এলাহি।
সাক্ষাৎকারে এলাহি বলেন, ইমরান খানের এখন কাজ হলো ব্যক্তিগতভাবে তার মিত্র দলগুলোর সঙ্গে যোগাযোগ করা এবং তাদের জোট সরকারে থাকতে রাজি করা। অন্যথায় শতভাগ সমস্যায় পড়বেন তিনি।
পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের বিরোধীপক্ষ জাতীয় অধিবেশনে স্পিকারকে অনুরোধ জানিয়েছে ইমরান খানের ওপর অনাস্থা ভোট আনতে। দেশটির সরকারের কিছু মন্ত্রী জানিয়েছেন আগামী ২৮-৩০ মার্চ তারা অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন।
