ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমলো ১০ শতাংশ 

আপডেট : ১৬ মার্চ ২০২২, ২০:২৩

আমদানি পর্যায়ে পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেলের ওপর ১৫ শতাংশ ভ্যাট থেকে ১০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করেছে সরকার।

বুধবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এ আমদানি কর নির্ধারণ করা হয়।

এর আগে গত ১৪ মার্চ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ওপর মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের বিষয়ে এক আদেশ জারি করে এবং এদিন থেকেই তা কার্যকর করা হয়েছে।  সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও বাজারজাত পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের পর আমদানি পর্যায়েও ভ্যাট কমানো হলো।

গত ১০ মার্চ সচিবালয়ের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে জরুরি তিনটি পণ্যদ্রব্য (ভোজ্যতেল, চিনি ও ছোলা) আমদানিতে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। আগামী ৩০ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে ওইদিন জানান অর্থমন্ত্রী।

ইত্তেফাক/এনএ/এএএম

ইত্তেফাক/এএএম