সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বিশ্বাস শুধু আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সীমান্তে সেনা পাঠিয়েছিলেন। কিন্তু ইউক্রেনে তিনি আগ্রাসন চালাবেন এতে তিনি বিস্মিত।
ওয়াশিংটন এক্সামিনারে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি বিস্মিত, আমি বিস্মিত। আমি ভেবেছিলাম ইউক্রেন সীমান্তে পুতিন যখন সেনা পাঠিয়েছেন তখন তিনি আলোচনা করছিলেন। আমার মনে হয়েছে এটা অনেক কঠিন পন্থা ছিল কিন্তু আলোচনার জন্য স্মার্ট উপায়।
মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি ভেবেছেন পুতিন একটা ভালো চুক্তির পন্থা খুঁজছিলেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমার মনে হয়েছে অন্যান্যদের মতো পুতিনও যুক্তরাষ্ট্র ও অন্যদের সঙ্গে ভালো একটি চুক্তি করতে যাচ্ছিলেন- অনেকটা বাণিজ্যিক চুক্তির মতো। আমি ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমরা কখনও কোনো ভালো চুক্তি করিনি।'
ট্রাম্প অনুযোগ করে বলেছেন, যখন তিনি আগ্রাসন শুরু করলেন আমার মনে হয় পুতিন বদলে গেছেন। এটা বিশ্বের জন্য অনেক দুঃখজনক। তিনি আসলেই অনেক বদলে গেছেন।
