লক্ষ্মীপুরে গোয়ালঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০৫:০০

লক্ষ্মীপুরে গোয়ালঘর থেকে শিমু আক্তার (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ মার্চ) ভোরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের হারিছ মাঝির বাড়ির গোয়ালঘর থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের শ্বশুর হারিছ মাঝি পলাতক রয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, প্রায় আট বছর আগে চরমনসা গ্রামের ওমান প্রবাসী আবুল বাশারের সঙ্গে পাশের কুশাখালী গ্রামের সিরাজ মিয়ার মেয়ে শিমুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শিমুর সঙ্গে প্রায়ই শ্বশুর, শাশুড়ি ও ননদরা ঝগড়া করত। মঙ্গলবার রাতেও মোবাইলে পরিবারের লোকজন বাশারের কাছে নালিশ দেয়। এর আগে শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্যরাও তাকে গালমন্দ করে। রাতেই বাশার শ্বশুর-শাশুড়িকে ফোন দিয়ে শিমুকে নিয়ে যাওয়ার জন্য বলে। তার সঙ্গে আর সংসার করবেন না বলেও জানায়। 

শিমুর মা বকুল বেগম বলেন, আমার মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি হত্যার বিচার চাই। 
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএএম