উখিয়ায় বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার 

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৪:৪৭

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১২-তে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ওমর ফারুখ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ।

বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় ক্যাম্পের রফিকের দোকান নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওমর ফারুখ ক্যাম্প-১২’র জি-১ ব্লকের মো. সলিমুল্লাহর ছেলে ও তালিকাভুক্ত রোহিঙ্গা দুষ্কৃতকারী বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ৮-এপিবিএন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমদের তত্ত্বাবধানে রোহিঙ্গা মো. রফিকের দোকানের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ফারুখকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার ওমর ফারুক ক্যাম্প-১২’র তালিকাভুক্ত দুষ্কৃতকারী। সে মায়ানমারে চলমান জান্তা সরকারবিরোধী যুদ্ধে অংশগ্রহণ করে কয়েকদিন আগে বাংলাদেশে প্রবেশ করে উখিয়ার ক্যাম্প-১২-তে অবস্থান করছিলো। পুনরায় মায়ানমারে ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতেই ক্যাম্প-১৩’র কাঠালতলী বাজারে গিয়েছিল, যেখান থেকে ফেরার পথে অস্ত্রসহ এপিবিএন সদস্যরা তাকে গ্রেফতার করে।

ইত্তেফাক/এমআর