আপত্তিকর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

আপডেট : ১৭ মার্চ ২০২২, ২০:০১

সাভারের আশুলিয়ায় দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় ওই শিক্ষার্থী একটি লিখিত অভিযোগ দায়ের করলেও অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

অভিযুক্ত রনি (২০) আশুলিয়ার নিরিবিলি স্বপ্নবিলাস এলাকার দেলোয়ার হোসেন ওরফে দিলা মিয়ার ছেলে। সে ওই স্কুলশিক্ষার্থীর বড় ভাইয়ের বন্ধু। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পোশাক পরিবর্তনের সময় অভিযুক্ত রনি ওই শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ধারণ করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্কুলশিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে। এছাড়া রনি ফেসবুকে ভুয়া আইডি খুলে ওই শিক্ষার্থীর বান্ধবীদের ভিডিও পাঠিয়ে আরও মানসিক চাপ বাড়িয়ে তুলে। 

জানা গেছে, অভিযুক্ত রনির মা বিদেশে থাকেন। বাবা দিলা মিয়া অন্যত্র বিয়ে করে সংসার করেন। রনি ভুক্তভোগী শিক্ষার্থীর ময়ের কাছে তিন হাজার টাকা মাস চুক্তিতে তিন বেলা খাবার খেত। প্রথম দিকে টিফিন কেরিয়ারের বাটিতে খাবার দিলেও পরে সে ওই শিক্ষার্থীর বাসায় এসে খাবার খেত। 

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, রনি তাকে ভিডিওর ভয় দেখিয়ে বিকাশ নম্বরে অনেকবার টাকা হাতিয়ে নিয়েছে। একপর্যায়ে কৌশলে বিকাশের দোকান থেকে রনিকে আটক করলেও স্থানীয় মাতাব্বররা মোটা অংকের অর্থের বিনিময়ে বিষয়টি আপোষ করে দেন। এ সময় মাতাব্বররা জোরপূর্বক ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিলে থানা পুলিশের আশ্রয় নেয় ওই শিক্ষার্থীর পরিবার। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।  অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারে অভিযান চলছে। 

ইত্তেফাক/এএএম