জেলেনস্কিকে শান্তিতে নোবেল দেওয়ার দাবি

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৯:৪২

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে আজ শুক্রবার (১৮ মার্চ) পর্যন্ত টানা ২৩ দিনের মতো দেশ দুইটির মধ্যে তুমুল লড়াই চলছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে ইউক্রেনের বাহিনী লড়াই অব্যাহত রেখেছে। পশ্চিমাদের দাবি, ইউক্রেনের বাহিনীর শক্ত প্রতিরোধের কারণে রাশিয়ার বাহিনীর অগ্রসর অনেকটা ধীর গতির হয়েছে। 

এরি মধ্যে দাবি উঠেছে, ভলোদিমির জেলেনস্কিকে ২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান রাজনীতিক নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে জেলেনস্কিকে মনোনয়ন দিতে অনুরোধ জানিয়েছেন। এমনকি জেলেনস্কিকে পুরস্কৃত করার জন্য মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনারও প্রস্তাব দিয়েছেন তারা।

এএনআই’র বরাতে এনডিটিভি জানিয়েছে, জেলেনস্কিকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে এ বছরের মনোনয়ন প্রক্রিয়ার সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর অনুরোধ করা হয়েছে।  

গত ১১ মার্চ প্রকাশিত নেতাদের বিবৃতিতে বলা হয়েছে, কমিটির কাছে আমাদের বিনীত অনুরোধ, প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনের জনগণের জন্য নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়ার সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হোক।

বিবৃতিতে রাজনীতিবিদরা নোবেল কমিটিকে 'নোবেল শান্তি পুরস্কারের জন্য ২০২২ সালের মনোনয়ন পদ্ধতি পুনরায় চালু ও পুনর্বিবেচনা করার আহ্বান জানান। 

প্রতিবেদনে বলা হয়েছে, এই বছরের ৩ থেকে ১০ অক্টোবরের মধ্যে নোবেল পুরষ্কার ঘোষণা দেওয়ার কথা রয়েছে। এই বার  শান্তিতে নোবেল পাওয়ার জন্য ২৫১ ব্যক্তি ও ৯২টি প্রতিষ্ঠানের নাম জমা পড়েছে।   

ইত্তেফাক/এসআর