আইপিডিআই ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

বঙ্গবন্ধু বাঙালির স্মৃতিতে চিরকাল অমর হয়ে থাকবেন

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৯:৩১

একটি স্বনির্ভর বাংলাদেশ নির্মাণের লক্ষে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন নাট্যপরিচালক ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ।

বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে আইপিডিআই ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক হৃদরোগ বিষয়ক সম্মেলনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন ইউসুফ আরও বলেন, ১৯৭১ সালে সমগ্র বাঙালি জাতির মধ্যে জাতিগত ঐক্য নির্মাণ এবং একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সফল নেতৃত্ব দেওয়ায় বঙ্গবন্ধু বাঙালির স্মৃতিতে চিরকাল অমর হয়ে থাকবেন।

নাসিরুদ্দিন ইউসুফ বলেন, একটি বুদ্ধিবৃত্তিক সচেতন জাতি নির্মাণে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসের সঠিক বিশ্লেষণের বিকল্প নেই। বিশ্বের বিভিন্ন দেশে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা হচ্ছে। আমাদের দেশেও বঙ্গবন্ধুচর্চা ও গবেষণার ক্ষেত্র আরও বিস্তৃত হবে- এমন আশা ব্যক্ত করেন তিনি।

আইপিডিআই ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ,  বীর মুক্তিযোদ্ধা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এইচ আই লুৎফুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা কবি ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাজির আহমেদ চৌধুরীকে বিশেষ মুক্তিযোদ্ধা সন্মামনা প্রদান করা হয়।

সন্মানিত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে তাদের যোগদান এবং যুদ্ধকালীন বিভিন্ন ঘটনার স্মৃতি রোমন্থন করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বঙ্গবন্ধু ও সব মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা বক্তব্যে আইপিডিআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল ডা. মহসীন আহমদ বলেন, হেলদি হার্ট হ্যাপি লাইফ অরগানাইজেশন (হেলো)-এর সহযোগী সংগঠন আইপিডিআই ফাউন্ডেশন বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাগত উন্নয়নে প্রশিক্ষণ ও গবেষণার কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের মাঝে হৃদরোগ বিষয়ক সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা সহায়তা ও গবেষণা কাজের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের পূর্ণ সদস্যপদ লাভ করায় সব শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। জাতির পিতা বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১-২০৪১ পরিকল্পনা বাস্তবায়নে  হেলো- আইপিডিআই ফাউন্ডেশন কাজ করে যাবে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

ইত্তেফাক/ইউবি