স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এয়ারগান চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৯:৩৬

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশিপ-২০২২’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (১৯ মার্চ) গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এয়ারগান চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত  সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি- আইএসপিআর

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন। এছাড়া, তিনি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ‘আইএসএসএফ গ্র্যান্ড পিক্স ২০২২’ এ বাংলাদেশের  পদকপ্রাপ্ত ৬ জন শুটারের  মাঝে প্রাইজমানি বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজুকি বাংলাদেশ-এর বিভাগীয় পরিচালক সোয়েব আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএসএফ এর সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এয়ারগান চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত  সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি- আইএসপিআর

প্রতিযোগিতায় ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পেয়ে আর্মি শুটিং অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন এবং ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পেয়ে বাংলাদেশ নৌবাহিনী শুটিং ক্লাব রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশিপ ২০২২-এ ৩৯টি ক্লাবের ২৫০ জন অ্যাথলেট ও ৫০ জন টিম ম্যানেজার ও কোচ অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/এমএএম