ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর জন্মদিনে হিন্দি গানের সঙ্গে শিক্ষার্থীদের নাচের ভিডিও ভাইরাল

আপডেট : ২০ মার্চ ২০২২, ১০:০৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে ঈশ্বরদীর একটি স্কুলের ছাত্রীদের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে সর্বত্র বইছে সমালোচনা ও নিন্দার ঝড়। গত বৃহস্পতিবার (১৭ মার্চ) পাবনার ঈশ্বরদী উপজেলার মানিকনগর বালিকা উচ্চবিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে এই নাচ পরিবেশন করে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি বিদ্যালয়ের ফেসবুক আইডি থেকে লাইভে প্রচারিত হয়। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়। বিদ্যালয়ের ফেসবুক আইডিতে নেতিবাচক নানা মন্তব্য করা শুরু করেন সাধারণ মানুষ। এ অবস্থায় বিদ্যালয়ের আইডি থেকে ভিডিওটি ডিলিট করা হয়।

বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে ঈশ্বরদীর একটি স্কুলের ছাত্রীদের নাচের মূহুর্ত

ঐ ভিডিওতে দেখা যায়, স্টেজের ব্যানারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনাসভার ব্যানার টানানো রয়েছে। সেখানে একক, দ্বৈত ও দলগতভাবে নাচছে ছাত্রীরা। ‘কাঁচা বাদাম’ ও হিন্দি ডিজে গানের তালে স্টেজ ও আশপাশে শিক্ষক-শিক্ষার্থীদের নাচতে দেখা যায়। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ফজলুর রহমান ফান্টু বলেন, জাতির জনকের জন্মদিনের অনুষ্ঠানে বিদেশি ডিজে গানের তালে নৃত্য পরিবেশন আমাদের সংস্কৃতিবিরোধী। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস বলেন, বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইত্তেফাক/ ইআ